রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। তারা অভিযোগ করেছে, সরকারি দল প্রশাসনকে প্রভাবিত করে পক্ষপাতমূলক নির্বাচনের চেষ্টা চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে এ অভিযোগ করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে বৈঠক শেষে মঈন খান সাংবাদিকদের বলেন, ‘ভোটের আগে আগে বরিশালে একজন প্রার্থীর ওপর প্রশাসন থেকে যেভাবে আক্রমণ হয়েছে, তাতে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত। স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করে পক্ষপাতমূলক নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। এ জন্য ইসিকে শক্ত হাতে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছি আমরা। ভোটের এক দিন আগে থেকেই কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার অনুরোধ জানানো হয়েছে।’ মঈন খান জানান, তিনি সিইসির কাছে চার সিটিতে আচরণবিধি লঙ্ঘন করে সরকারের মন্ত্রী ও সাংসদের উপস্থিতি এবং বিএনপি-সমর্থিত প্রার্থীদের ওপর হামলার তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। প্রয়োজন হলে সেনাবাহিনীসহ যা যা প্রয়োজন, তা ইসিকে দিতে হবে। তবেই ইসি স্বাধীনভাবে কাজ করতে পারবে। বিএনপির প্রতিনিধিদলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ সুজাউদ্দিন, সাবেক সচিব আবদুল হালিম ও ইসমাইল জবিউল্লাহ ছিলেন।
বিএনপির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যার পর সিইসি কাজী রকিব সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশালের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এটি বিচ্ছিন্ন ঘটনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির দাবি সম্পর্কে সিইসি বলেন, ‘তাদের বেশ কয়েকটি পয়েন্ট পেয়েছি। কারও প্রতি পক্ষপাতিত্ব না করার জন্য পুলিশ-প্রশাসনসহ সবাইকে নির্দেশ দিয়েছি। পক্ষে-বিপক্ষে কাজ করলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’ বিএনপির সেনা মোতায়েনের দাবির বিষয়টি এড়িয়ে গিয়ে কাজী রকিব জানান, ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহলে নেমেছেন। বেআইনি অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। ‘জামায়াত-শিবির অধ্যুষিত রাজশাহী এলাকায় নাশকতা’র বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সব বিষয়ে সতর্কতা রয়েছে আমাদের। সন্ত্রাসীরা কোনো দলের নয়। তারা অর্থের বিনিময়ে কাজ করে। শক্ত হাতে তাদের দমন করতে বলা হয়েছে।’