পৌরসভা নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন পাবনা পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূর মোহাম্মদ মাসুম। গতকাল সোমবার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে নূর মোহাম্মদ পাবনা পৌরসভাকে শ্রীহীন দাবি করে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তা সমাধানের আশ্বাস দেন। সেই সঙ্গে সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন বলে জানান। লিখিত বক্তব্যে তিনি জানান, সুন্দর ছিমছাম পাবনা শহর শ্রী হারিয়েছে। শহরজুড়ে অসহনীয় যানজট, জলাবদ্ধতা, ভাঙাচোরা রাস্তাঘাট, শিশুদের বিনোদনব্যবস্থার অপ্রতুলতা পৌরবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। সমস্যাগুলো সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যা এত দিনে হয়নি। ফলে পৌরবাসীর প্রতি দায়বদ্ধ হয়ে তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। কিন্তু নির্বাচনে অংশ নিতে এসে বিভিন্ন শঙ্কার মধ্যে রয়েছেন।
নূর মোহাম্মদ দাবি করেন, পাবনা পৌরসভার ৩৮টি ভোটকেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি নির্বাচনকাজে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনে সরকারের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তিনি পৌর নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করে সবাইকে নিরপেক্ষ অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন।
তবে নির্বাচনী প্রচারণায় কোনো বাধার মুখে পড়েছেন কি না? এমন প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ বলেন, ‘বড় পর্যায়ে কোনো বাধার মুখে পড়িনি। কোনো হুমকিও আসেনি। কর্মী পর্যায়ে ছোটখাটো কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল, যা স্থানীয়ভাবেই সমাধান হয়েছে। তবে বিগত নির্বাচনগুলোতে সরকারের কার্যক্রম আমাদের শঙ্কিত করছে। সাধারণ মানুষও ভোট প্রদান নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ, সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি তৌফিক হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে পাবনা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মুনশি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘নির্বাচন নিয়ে শঙ্কার কিছু নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে আমরা ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়েছি। পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিটি বাহিনী সজাগ রয়েছে। ফলে সব কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’