সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের শঙ্কার কথা জানাল প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী রফিকুল আলম। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ইছামতিকুল এলাকার একটি বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা বলেন। তিনি বলেন, ‘গণসংযোগে ভোটাররা তাঁকে প্রশ্ন করেছেন, আমরা কী ভোট দিতে পারব। না কি আমাদের ভোটকেন্দ্রেই যেতে দেওয়া হবে না।’
রফিকুল আলম বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে প্রত্যেক প্রার্থী স্বাভাবিকভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটারদের মধ্যে ভীতি ততই বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনকে এ ব্যাপারে ভূমিকা রাখতে হবে। ভোটারদের আশ্বস্ত করতে হবে নির্বাচন অবশ্যই সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে হবে।
ভোটারদের শঙ্কার বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নে রফিকুল আলম বলেন, এখনো তাঁরা এ ব্যাপারে কোনো অভিযোগ করেননি। শিগগিরই বিষয়টি প্রশাসন ও নির্বাচন কমিশনে লিখিতভাবে জানাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রাথমিক ও গণশিক্ষা-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার, পৌর বিএনপির সহসভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক আবদুল কাইয়ুম, ছাত্রদলের সভাপতি রবিউল হোসেন পারভেজ প্রমুখ।