সুষ্ঠু নির্বাচন নিয়ে মাহীর সংশয়

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহী বি চৌধুরী সিটি নির্বাচন সুষ্ঠু হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন কাজ করতে চাইলেও মনে হয় কোনো জায়গা থেকে তাদের ওপর চাপ আছে।
মাহী গতকাল বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এক পথসভায় এ কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ শুরুতে উৎসবমুখর থাকলেও গত তিন-চার দিন ধরে পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রধান বিরোধী নেত্রীর ওপর হামলা হয়েছে, মিরপুরের কালশীতে গত বুধবার আমার ঈগল প্রতীকের একটি ব্যানার পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভেঙে ফেলা হয়েছে আরও একটি ব্যানার।’
বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বলেন, খালেদা জিয়ার গাড়িবহরে চিহ্নিত হামলাকারীরা আনিসুল হকের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় আনিসুল হক ধৈর্য হারিয়ে ফেলেছেন। উনি বুঝে ফেলেছেন জনগণ তাঁর আসল চেহারা চিনে ফেলেছে। তিনি যা করছেন তা অনাকাঙ্ক্ষিত। এভাবে চললে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না।’
মাহী বি চৌধুরী গতকাল বেলা একটায় কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি বনানী বাজার, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) মণিপুরিপাড়া ও ইন্দিরা রোড এলাকায় পথসভায় বক্তৃতা এবং গণসংযোগ করেন। তিনি ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।