যশোরের নওয়াপাড়া পৌরসভার ভোটাররা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কায় আছেন। গত শুক্রবার এক মেয়র প্রার্থীর কর্মিসভায় বোমা হামলার ঘটনার পর এ শঙ্কা আরও বেড়েছে। কয়েকটি এলাকার বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে।
৫ নম্বর ওয়ার্ডের বুইকরা গ্রামের ভোটার আবদুস সালাম বলেন, ‘যেভাবে কর্মীদের ওপর আমলা, উমকির ও মামলার কথা শুনতিছি, তাতে সুষ্ঠু ভোট অবে না। ভোট কাটাকাটির আওয়াজ কানে আসতেছে।’
গুয়াখোলা এলাকার জুতা ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নওয়াপাড়ায় সভায় বোমা হামলার পর থেকে আমাদের এলাকায় বেশ কয়েকজনকে নৌকার লোকেরা ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিয়েছে বলে শুনেছি। এতে দিনে দিনে ভোটারদের মাঝে আতঙ্ক বাড়ছে।’
২ নম্বর ওয়ার্ডের পাঁচকবর এলাকার একজন কলেজশিক্ষক অতীতের প্রসঙ্গ টেনে বলেন, ‘ভোট আর কি। নওয়াপাড়া তো সারা দেশ থেকে বিচ্ছিন্ন নয়। সারা দেশে যেমন ভোট হয়, এখানেও এবার তেমন হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ফারুক হোসেনের কর্মিসভায় আওয়ামী লীগের প্রার্থী সুশান্ত দাসের সমর্থকেরা বোমা হামলা চালান। তাঁরা পাঁচটি বোমা ফাটিয়ে সভা পণ্ড করে দেন। হামলার পর রাতেই সুশান্ত দাস বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হুইপ শেখ আবদুল ওহাবসহ ফারুক হোসেনের ৪১ জন কর্মী-সমর্থকের নামে মামলা করেন।
জানতে চাইলে মেয়র প্রার্থী ফারুক হোসেন বলেন, ‘২৫ তারিখে আমার কর্মিসভায় বোমা হামলা ও এরপর ওহাব ভাইসহ আমার নেতা-কর্মীদের নামে উল্টো মামলার পর শুধু আমি নই, ভোটাররাও শঙ্কিত। ভোট চাওয়ার সময় অনেক
ভোটার আমার কাছে জানতে চাচ্ছেন, কেন্দ্রে ভোট দিতে যাওয়া যাবে কি না।’ তিনি বলেন, ‘নৌকার কর্মীদের অব্যাহত হুমকির মুখে আমি এখনো ৪ নম্বর ওয়ার্ডে অফিস করতে পারিনি। ইতিমধ্যে তাঁরা আমার কয়েকজন কর্মীকে পিটিয়েছেন।’
বিএনপির মেয়র প্রার্থী রবিউল হোসেন মুঠোফোনে বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আমরা খুব চিন্তিত। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ভোটারদের মধ্যে ভয়ভীতি তত বাড়ছে।’
এদিকে বোমা হামলার পর ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী সুশান্ত দাস সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, ‘শেখ আবদুল ওহাবের কর্মীরা আমাদের কর্মীদের ওপর হামলা চালান এবং ওহাবের লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে নেতা-কর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন।’
নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলতে চাইলে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাসহ আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর।’