সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তাবিথের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল গতকাল বনানীতে প্রচারণা চালান l প্রথম আলো
ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল গতকাল বনানীতে প্রচারণা চালান l প্রথম আলো

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ করে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘আমরা যত বেশি সাড়া পাচ্ছি, ততই আমাদের প্রার্থী, কর্মী, ভোটার ও সমর্থকদের ওপর হামলা বাড়ছে।’ 
গতকাল শুক্রবার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট গেট এলাকায় গণসংযোগকালে বাস প্রতীক নিয়ে ঢাকা সিটি করপোরেশন উত্তর থেকে এই মেয়র পদপ্রার্থী গণসংযোগ শুরু করেন। তিনি গণমাধ্যমের কাছে এই অভিযোগ জানান।
তাবিথ আউয়ালের গণমাধ্যম সমন্বয়কারী আবদুল্লাহ আল হারুন অভিযোগ করেন, পুলিশের নিষেধের কারণে তাবিথ আউয়াল পূর্বনির্ধারিত মসজিদে গতকাল জুমার নামাজ পড়তে পারেননি। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাবিথের নির্বাচনী কার্যালয়ে গিয়ে বলে, তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদে জুমার নামাজ পড়বেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। তাবিথ যেন ওই মসজিদে না যান। তাবিথ গেলে কী সমস্যা, এটা পুলিশের কাছে জানতে চান কর্মীরা। উত্তরে পুলিশ বলে, তাবিথ গেলে সমস্যা হতে পারে।
এ ব্যাপারে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অভিযোগ ঠিক না।’
মহাখালীতে এক পথসভায় তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের ওপর হামলা, হুমকি, হয়রানি বেড়েই চলেছে। খালেদা জিয়ার ওপর ধারাবাহিক হামলা হয়েছে। হামলা, গ্রেপ্তার ও হয়রানির শিকার হচ্ছেন আমাদের প্রার্থী, ভোটার, কর্মী, সমর্থকেরা।’ তিনি বলেন, সেনাবাহিনীকে নিয়ে প্রার্থী ও ভোটারদের যে আশঙ্কা ছিল, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তারই প্রতিফলন ঘটেছে। ভীতিমুক্ত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিচারিক ক্ষমতাসহ ভোটের মাঠে সেনাবাহিনীর প্রয়োজন।
তাবিথ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘বাস’ মার্কায় ভোট চেয়ে আইপিএস মার্কেট, আইডি হাসপাতাল, আইডিএস সাততলা বস্তি, দক্ষিণপাড়া, রসুলবাগ, ৩৩ নম্বর ওয়ার্ডের বছিলা, বাঁশবাড়ি, মোহাম্মাদিয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি এবং ৩১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর টাউনহল মার্কেট এলাকায় ভোটারদের কাছে ভোট চান। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপির সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।