সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা রয়েছে ঠাকুরগাঁও পৌরসভার ভোটার, বিএনপি প্রার্থী ও নেতা-কর্মীদের মনে। গত শুক্র ও শনিবার কয়েকটি পথসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বৃহস্পতিবার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীন বক্তব্য দেন। তাঁদের বক্তব্যে এ আশঙ্কার ইঙ্গিত পাওয়া গেছে। এ ছাড়া পৌরসভার কয়েকজন ভোটার ও সমর্থকদের সঙ্গে কথা বলে একই রকম তথ্য পাওয়া গেছে।
গত শুক্রবার ছোট ভাই মির্জা ফয়সল আমীনের পক্ষে নির্বাচনী প্রচারে নেমে মির্জা ফখরুল অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচনে তড়িঘড়ি দলীয় প্রতীক দিয়ে নির্বাচন আয়োজনের পেছনে সরকারের একটি দুরভিসন্ধি ছিল। সরকার মনে করেছিল, ৫ জানুয়ারির মতো একটি নির্বাচন করে সরকারদলীয় লোকজনকে জয়ী করতে পারলে মানুষ মনে করবে, নৌকার জনপ্রিয়তা অনেক। এ কারণেই সরকার পৌরসভা নির্বাচনকে ঘিরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপির জয় ছিনিয়ে নিতে চেষ্টা করছে।
এ আশঙ্কা থেকে মির্জা ফখরুল নির্বাচনের দিন দলের নেতা-কর্মী ও ভোটারদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। ভোট ডাকাতি রুখতে তিনি ভোটকেন্দ্রগুলোতে পাহারা বসাতে ও ফলাফল হাতে নিয়ে ভোটকেন্দ্র থেকে বের হওয়ার নির্দেশ দেন। গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মির্জা ফয়সলও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সরকারদলীয় লোকজনের নির্বাচনে জয়লাভের চেষ্টা সরকার করতেই পারে। এর আগে বিএনপিও করেছিল, আওয়ামী লীগও করছে।’
৪ নম্বর ওয়ার্ডের ভোটার ঘোষপাড়ার বাসিন্দা মমতাজুল হক বলেন, ‘আমরা আশা করি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারব। রাজনৈতিক দলের পরিচয়ে ভোট হলেও প্রার্থীর যোগ্যতা, দক্ষতা আর সততা বিবেচনা করেই ভোট দেব।’
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাব্বী বলেন, ভোটাধিকার নিশ্চিত ও নির্বাচন সুষ্ঠু করার জন্য আইন প্রয়োগকারী সব সংস্থা কাজ করবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কার কিছু নেই।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীন, আওয়ামী লীগের তহমিনা আখতার মোল্লা, স্বতন্ত্র আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ এস এম সোলায়মান আলী সরকার ও মাহফুজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।