সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপির প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচারণার শেষ দিনে গতকাল সোমবার বিএনপিসহ বিরোধী দলের মেয়র প্রার্থী ও নেতারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়কের বাসায় গতকাল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং চট্টগ্রাম জেলা নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন দাবি করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে চট্টগ্রামের ১০টি পৌরসভায় বিএনপি এবং জোটের প্রার্থীরা জয়ী হবেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় দলের নেতা-কর্মী ও প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে।
পটিয়া: উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহজাহান। এ সময় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
গাজী শাহজাহান অভিযোগ করেন, পটিয়ায় বিএনপির মেয়র পদপ্রার্থী তৌহিদুল আলমের বাড়িতে তিন দিন আগে পুলিশ গিয়ে তল্লাশি করেছে। এ ছাড়া রোববার রাতে অনেক নেতা-কর্মীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘পটিয়ার সাংসদ বিভিন্ন জায়গায় উঠান বৈঠক করছেন, দাওয়াতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর জন্য ভোট চাচ্ছেন। ছাত্রলীগ ও যুবলীগের সমন্বয়ে কেন্দ্রভিত্তিক কমিটি করা হয়েছে ভোট ডাকাতি করার জন্য। আমরা একাধিক অভিযোগ দিলেও রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি। এই অবস্থায় আমরা নেতা-কর্মীদের কেন্দ্র ছেড়ে না যাওয়ার নির্দেশ দিয়েছি।’
তবে অভিযোগের বিষয়ে পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, ‘আমি আমার এলাকার দাওয়াতে গেলে আচরণবিধি লঙ্ঘন হয় না। আর ছাত্রলীগ এবং যুবলীগের নেতাদের নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশ দিলে তাতে কেন আচরণবিধি লঙ্ঘন হবে? এটা তো আমাদের দলের সাংগঠনিক কাজ।’
জানতে চাইলে পটিয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিএনপির অভিযোগ সত্য নয় বলেও তিনি জানান।
বাঁশখালী: প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী কামরুল ইসলাম হোসাইনী ও আওয়ামী লীগের সেলিমুল হক চৌধুরী।
কামরুল ইসলাম হোসাইনী অভিযোগ করেন, ‘যাঁদের নামে কোনো মামলা নেই, এ রকম অনেককে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে। এলাকায় বহিরাগতদরে জড়ো করা হয়েছে।’
তবে আওয়ামী লীগের প্রার্থী সেলিমুল হক চৌধুরী বলেন, কথায় কথায় অভিযোগ করা বিএনপির পুরোনো অভ্যাস।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।
সীতাকুণ্ড: বিএনপির মেয়র পদপ্রার্থী সৈয়দ আবুল মুনছুর বলেন, সীতাকুণ্ডে প্রচার-প্রচারণার পরিবেশ নষ্ট হয়ে গেছে। সর্বশেষ সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলা করেছে সন্ত্রাসীরা। এর আগেও প্রচারের গাড়ি ভাঙচুর, হামলার ঘটনা ঘটেছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। গতকাল বিএনপির এই প্রার্থী গণসংযোগে বের হননি।
তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদিউল আলম পৌর সদরের বাজারে গতকাল গণসংযোগ করেন।
মিরসরাই ও বারইয়ারহাট: মিরসরাই পৌরসভায় বিএনপির প্রার্থী এ জেড এম রফিকুল ইসলাম অভিযোগ করেছেন, ‘দা, ছুরি ও বল্লম নিয়ে বহিরাগতরা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে মিছিল-সমাবেশ করছেন। পৌরসভায় এখন ভীতিকর অবস্থা। বাড়িতে বসে আছি। শেষ দিনে প্রচারণা চালাতে পারিনি। রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন। তিনি বলেন, বিএনপির লোকজনই এসব করছে। এতে ক্ষতি হচ্ছে তাঁর।
বারইয়ারহাট পৌরসভার বিএনপি প্রার্থী মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘২৭ ডিসেম্বর থেকে পৌরসভায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। অথচ বারইয়ারহাটে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে শতাধিক মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। এখানে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নেই। প্রচারণাও চালাতে পারিনি।’
তবে আওয়ামী লীগের প্রার্থী নিজাম উদ্দীন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি পাল্টা অভিযোগ করে, বিভিন্ন এলাকায় বিএনপির লোকজন তাঁর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে।
তবে নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, ‘বহিরাগত আসছে এমন কোনো অভিযোগ আমাদের কাছে কেউ করেনি। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ব্যবস্থা নিচ্ছি।’
রাউজান: আওয়ামী লীগ প্রার্থী দেবাশীষ পালিতের পক্ষে উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
তবে বিএনপির প্রার্থী কাজী আবদুল্লাহ আল হাসানের পক্ষে নেতা-কর্মীরা প্রচারণা চালান। এখন পর্যন্ত কোনো বাধার সম্মুখীন না হলেও আবদুল্লাহ আল হাসান অভিযোগ করেন, ‘ছাত্রলীগ যুবলীগের বহিরাগত নেতা-কর্মী এলাকায় এসেছে। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।’
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা কূলপ্রদীপ চাকমা বলেন, ‘সকল বহিরাগত সোমবার রাতের মধ্যে এলাকা ছেড়ে চলে যাবে। আমি মাইকিং করেছি। যদি না যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করছি।’