সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক সাধারণ ভোটার।
গত শনিবার পৌরসভার বসুরহাট সড়ক, ফাজিলেরঘাট সড়ক, ফেনী-চৌমুহনী সড়ক এবং জগৎপুর, বেতুয়া, আলাইয়ারপুরসহ বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার অন্তত ২৫ জনের সঙ্গে কথা বলে এই সংশয়ের কথা জানা গেছে। তবে প্রশাসন ও আওয়ামী লীগ বলছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে।
দাগনভূঞা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন দুজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র ওমর ফারুক খান। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান।
দাগনভূঞা পৌরসভার ছয়টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কেমন হতে পারে—জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বসুরহাট সড়কের একজন ক্ষুদ্র ব্যবসায়ী সুষ্ঠু নির্বাচন নিয়ে তাঁর শঙ্কার কথা ব্যক্ত করেন। এ সময় এক যুবক তাঁর সঙ্গে সুর মিলিয়ে বলেন, নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের আগে অনেক সম্ভাব্য প্রার্থী ও তাঁদের স্বজনদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ভয়ভীতি দেখিয়েছেন বলে শোনা গেছে। এখনো কিছু লোক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাচ্ছে। বহিরাগত লোকজন নিয়ে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে।
৮ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি বলেন, তিনি ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু বিশেষ মহলের চাপের মুখে শেষ পর্যন্ত তিনি প্রার্থী হননি।
শনিবার দাগনভূঞা উপজেলা সদরের জিরো পয়েন্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের উপস্থিতিতে এক পথসভায় দলের মেয়র পদপ্রার্থী কাজী সাইফুর রহমান অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তাঁদের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যেতে এখন থেকেই হুমকিধমকি দিতে শুরু করেছে।
কাজী সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ প্রতি রাতে বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের খোঁজাখুঁজি ও হয়রানি করছে।
ওমর ফারুক খান বলেন, তিনি গত পাঁচ বছরে এলাকায় ব্যাপক উন্নয়নকাজ করেছেন। ফলে দলমত-নির্বিশেষে পৌরবাসী তাঁর নির্বাচনী প্রচারণায় নেমেছেন। বিএনপির অনেক কর্মী-সমর্থকও তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এতে বিএনপি হতাশ হয়ে আবোল-তাবোল কথা বলতে শুরু করেছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, যাঁদের বিরুদ্ধে মামলা কিংবা গ্রেপ্তারি পরোয়ানা আছে, কেবল তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিএনপির প্রার্থী ও সাধারণ ভোটারদের শঙ্কার বিষয়ে জানতে চাইলে জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হবে। কোনো বাধা ছাড়াই বিএনপির প্রার্থীর প্রচারণা চলছে। তিনি আরও বলেন, নির্বাচনে পরাজয় ও ভরাডুবির ভয়ে বিএনপি মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে।