সুষ্ঠু নির্বাচন নিয়ে সাইফুদ্দিনের সন্দেহ
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী না দেওয়ায় সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দক্ষিণে জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হাজি মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ। তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে প্রথম থেকেই সেনা মোতায়েনের দাবি জানিয়েছিলাম। কিন্তু সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার পর আবার তা প্রত্যাহার করা হয়েছে, যা সরকারের আইওয়াশ। তাই নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সন্দেহ রয়েছে।’
গতকাল শনিবার বেলা দুইটার দিকে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে জনসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন সাইফুদ্দিন আহম্মেদ। তিনি প্রচারপত্র বিলি করে তাঁর সোফা প্রতীকে ভোট চান। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে জাতীয় প্রার্থী-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ইসমাইল হোসেন (প্রতীক টিফিন ক্যারিয়ার) তাঁর সঙ্গে ছিলেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার লাগানো সম্পর্কে সাইফুদ্দিন বলেন, ‘বিভিন্ন স্থানে আমার ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলছে আওয়ামী লীগ ও বিএনপির লোকজন। মাইক দিয়ে প্রচারণায়ও বাধা দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে দেয়ালে পোস্টার লাগাচ্ছে কর্মীরা।’ তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসাতে হবে।’