সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইসির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সিইসি কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনারবৃন্দ সাক্ষাৎ করেন। ছবি: ফোকাস বাংলা
সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সিইসি কেএম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনারবৃন্দ সাক্ষাৎ করেন। ছবি: ফোকাস বাংলা

রাষ্ট্রপতি আবদুল হামিদ সব রাজনৈতিক দল ও অন্যান্য সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব পালন করতে নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল আজ সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি সহায়ক উপাদান। দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো ও সাধারণ জনগণের সহযোগিতা অবশ্যই প্রয়োজন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানান। সিইসির নেতৃত্বে নতুন কমিশন আস্থার সঙ্গে তাদের দায়িত্ব পালনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন মাহাবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী এবং ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন আন্তরিকতা, সততা ও স্বচ্ছতার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। সিইসি এ ক্ষেত্রে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সততার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।