পিরোজপুরের দুটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো প্রার্থী দেয়নি।
এ ছাড়া কাউন্সিলর পদে আওয়ামী ও বিএনপি ছাড়া কোনো দল প্রার্থী দেয়নি।
বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতা ও স্থানীয় বিশিষ্টজনরা মনে করছেন, নির্বাচন নিয়ে আস্থা না থাকা ও নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় বিভিন্ন দল প্রার্থী দেয়নি।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, জেলার ভান্ডারিয়া উপজেলায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বাড়ি জিয়ানগরে।
জাতীয় পার্টির (জাফর) মহাসচিব সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের বাড়ি নাজিরপুরে। তাঁদের জেলার রাজনীতিতে প্রভাব থাকলেও দল থেকে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী না দেওয়ায় অনেকে অবাক হয়েছেন।
এ ছাড়া জাতীয় পার্টি (এরশাদ), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) অন্য দলগুলোও এখানে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী দেয়নি।
জানতে চাইলে জাতীয় পার্টি (এরশাদ) জেলা কমিটির সভাপতি তৌহিদ উদ্দিন শেখ বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের আস্থা নেই। সরকারি দলের প্রভাবিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেনস্তা হতে চাইনি। এ কারণে দলের চিঠি পাওয়ার পরও মেয়র প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠাইনি।’
আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনিরুল হক জমাদ্দার বলেন, ওই দুই পৌরসভায় যোগ্য প্রার্থী না থাকায় হয়তো দল প্রার্থী দেয়নি।
সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুমার পাইক বলেন, দলের নেতা-কর্মীরা প্রার্থী হতে আগ্রহী নন। তাই সিপিবি প্রার্থী দেয়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি এম এ জব্বার বলেন, তিনি মনোনয়নপত্র সংগ্রহ করলেও অসুস্থতার কারণে জমা দেননি।
সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) জেলার সম্পাদক মইনুল আহসান বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় বড় দলগুলোর বাইরে অনেক যোগ্য প্রার্থী থাকলেও তাঁরা নির্বাচনে নিরুৎসাহিত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত ১৭ জন ভোটার বলেন, বিগত উপজেলা নির্বাচনে ভোট কারচুপির কারণে পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে ভোটারদের মনে সংশয় রয়েছে।
জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের আস্থা নেই।’
তিনি বলেন, এরপরও গণতন্ত্রের স্বার্থে ও আওয়ামী লীগকে খালি মাঠে গোল দিতে দেব না বলে আমরা প্রার্থী দিয়েছি।’