ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার মতবিনিময় সভা হয়েছে। সভায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির কয়েকজন প্রার্থী।
উপজেলার কালিন্দী এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ, ঢাকা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা শাহ আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা বশিরউদ্দিন প্রমুখ। ৩১ মার্চ উপজেলার ১১টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় তারানগর ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন প্রতিটি ভোটকেন্দ্রের ফলাফল ভোটকেন্দ্রেই প্রকাশের দাবি করেন।
রোহিতপুর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল মালেক বলেন, ‘আমার নির্বাচনী এলাকার ১০টি ভোটকেন্দ্রের মধ্যে চারটি ঝুঁকিপূর্ণ।’ এসব কেন্দ্রে যাতে কোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জিনজিরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ওয়ারেছ উদ্দিন বলেন, ‘আমার এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করছি।’
হজরতপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আয়নাল হোসেন বলেন, ‘বিএনপি সরকারের আমলে আমরা নির্বাচন করব তো দূরের কথা, আমরা মনোনয়ন কিনতে যেতে পারিনি। আর এখন বিএনপি–সমর্থিত প্রার্থীরা আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।’হজরতপুর ইউনিয়নের সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য প্রার্থী আমেনা বেগম শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, বিএনপি সরকারের আমলে বিএনপি, ছাত্রদল ও যুবদলের বাধার মুখে আওয়ামী লীগের নেতা–কর্মীরা নির্বাচনে অংশ নিতে পারেননি। আর এখন বিগত জ্বালাওপোড়াও আন্দোলনের আসামি অনেকে প্রার্থী হয়েছেন।
পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, প্রতিটি কেন্দ্রের ভোট গণনা করে কেন্দ্রেই ফল প্রকাশ করা হবে। নির্বাচনে যাতে বিশৃঙ্খলা ও কোনো রকম অনিয়ম না ঘটে, সে জন্য বিজিবি, র্যা ব, পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এ ছাড়া একাধিক ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে।