সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রার্থীদের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় ইউপি নির্বাচন নিয়ে গতকাল আয়োজিত সভায় বক্তব্য দেন এক চেয়ারম্যান পদপ্রার্থী l প্রথম আলো
খাগড়াছড়ির দীঘিনালায় ইউপি নির্বাচন নিয়ে গতকাল আয়োজিত সভায় বক্তব্য দেন এক চেয়ারম্যান পদপ্রার্থী l প্রথম আলো

২৩ এপ্রিল খাগড়াছড়ির দীঘিনালার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল পুলিশের উদ্যোগে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। দীঘিনালা থানা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ও প্রার্থিতা প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ করেন।
২ নম্বর বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ত্রিদিব রায় পোমাং বলেন, ‘নির্বাচনে একটি পক্ষ প্রভাব বিস্তার করে ভোট ছিনতাই করতে পারে। আমার ইউনিয়নের নয়টি কেন্দ্রের মধ্যে সাতটিই ঝুঁকিপূর্ণ।’
বিএনপির প্রার্থী শান্তি প্রিয় চাকমা বলেন, ‘আমি প্রার্থিতা প্রত্যাহারের জন্য প্রতিনিয়ত হুমকি পাচ্ছি। এসব বিষয় প্রশাসনের দেখা উচিত।’
৩ নম্বর কবাখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কমল বিকাশ চাকমা বলেন, ‘প্রার্থিতা প্রত্যাহার করার জন্য একটি আঞ্চলিক দলের পক্ষ থেকে আমাকে মুঠোফোনে বারবার হুমকি ও চাপ সৃষ্টি করা হচ্ছে।’
ইউপিডিএফ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বিশ্বকল্যাণ চাকমা বলেন, নির্বাচন নিয়ে যাতে কারও মধ্যে আতঙ্ক না থাকে, সেই পরিবেশ তৈরি করতে হবে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস যাতে সভা পর্যন্ত সীমাবদ্ধ না থাকে। প্রার্থীদের হুমকি দেওয়ার বিষয়গুলো প্রশাসনকে দেখতে হবে।
জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী মানিক রঞ্জন চাকমা বলেন, ‘অতীতে নির্বাচনে সমস্যা হয়েছে। হামলারও শিকার হয়েছি। এবার যাতে তা না হয়।’
১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোসলেম উদ্দিন অভিযোগ করেন, ‘সরকারদলীয় প্রার্থীর লোকজন আমার কর্মী-সমর্থকদের বিভিন্ন হুমকি দিচ্ছে। ভয়ভীতি প্রদর্শন করছে।’
সভায় তিনটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থীরাও ভোট জালিয়াতি, ভোট ছিনতাই, কেন্দ্র দখলের আশঙ্কার কথা জানান। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ হোসেন চৌধুরী, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন, কবাখালী, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জহর লাল চাকমা, মেরুং ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাঈন উদ্দিন ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রার্থীদের শঙ্কা ও হুমকির বিষয়ে খাগড়াছড়ির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রইছ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে কে জিতবে কে হারবে তা জানি না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রশাসন জিতবে। আমি প্রার্থীদের আশ্বস্ত করেছি। জরুরি যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর দিয়েছি। প্রার্থিতা প্রত্যাহারে কেউ হুমকি দিয়ে থাকলে আইনের আশ্রয় নিতে বলেছি। আমরা সুষ্ঠ নির্বাচন করতে প্রস্তুত।’