কালিয়া ও লোহাগড়া উপজেলা পরিষদের মতো নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন বিএনপি-সমর্থিত প্রার্থীসহ ভোটাররা।
সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মাত্র দুজন। তৃণমূল নেতা-কর্মীদের ভোটে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন খান (মোটরসাইকেল) এবং বিএনপি-সমর্থিত প্রার্থী হয়েছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম (আনারস)।
জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, ২৩ মার্চ নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এখানে ভোটারসংখ্যা এক লাখ ৮৪ হাজার ৪৫০। ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যান পদে মনিরুল ইসলামকে বিজয়ী করতে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীরা এক হয়ে মাঠে নেমেছেন। দল দুটির নারী কর্মীরাও দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।
নির্বাচনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে বিএনপি-সমর্থিত প্রার্থী মনিরুল ইসলাম বলেন, যদি ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, তাহলে নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার বলেন, ‘সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কি না—তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। তবে আমাদের প্রত্যাশা কালিয়া ও লোহাগড়া উপজেলার মতো সদর উপজেলার পরিবেশ যেন নোংরা করা না হয়। প্রশাসনকেই সে পরিবেশ নিশ্চিত করতে হবে।’
নড়াইল আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার হিন্দু সম্প্রদায়ের ভোট আওয়ামী লীগের ‘রিজার্ভ ভোট ব্যাংক’ হিসেবে বিবেচিত হয়ে আসছে। সেই ভরসাতেই রয়েছেন আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নিজাম উদ্দীন খান বলেন, ‘ছোট থেকে রাজনীতি করে আসছি। এখানকার মাটি ও মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে।’ তিনি বলেন, নড়াইলের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। এখানকার মানুষ আওয়ামী লীগকে ভালোবাসেন। যেকোনো নির্বাচনে এখানকার মানুষ আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।
নির্বাচনে সহিংসতার আশঙ্কা রয়েছে কি না—জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মনির হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করতে যা কিছু প্রয়োজন তা করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।