সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ পৌরসভায় নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। আগামীকাল অনুষ্ঠেয় এ নির্বাচনে পৌর এলাকার ১৭টি ভোটকেন্দ্রের সবগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা নির্বাচন কার্যালয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি-সমর্থিত ও বর্তমান মেয়র জি কে গউছ এবং আওয়ামী লীগ-সমর্থিত মো. শরীফ উল্লাহ। নির্বাচনের আগেই এক পক্ষ অন্য পক্ষের প্রচারণায় বাধা দেওয়া, হামলা-মামলার ঘটনায় ভোটাররা আতঙ্কিত। জি কে গউছ কী কী উন্নয়ন করেছেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতে কী করবেন সেই তালিকা নিয়ে ভোটারদের কাছে হাজির হচ্ছেন। আবার তাঁর কাজের সমালোচনায় ব্যস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা। আইনজীবী সাইদুল আমিন চৌধুরী বলেন, ভোট দিতে যেতে ভয় হচ্ছে। কারণ নির্বাচনের আগেই দুই দলের মধ্যে ভোটের প্রচারণা নিয়ে বাধা, হামলা-মামলা শুরু হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচন হয় কি না, তা নিয়ে তিনি শঙ্কিত। ভোটার তাহমিনা বেগম গিনি বলেন, নির্বাচনে কে কোন দলের প্রার্থী সেটা বড় নয়। তবে সুষ্ঠু নির্বচন নিয়েই প্রশ্ন। ঋষিপট্টির বাসিন্দা মৃত্যুঞ্জয় বলেন, ‘যিনি আমাদের পাশে ছিলেন, নির্বাচনে আমরা তাঁকেই বেছে নেব।’ মেয়র পদপ্রার্থী শরীফ উল্লাহ জানান, তিনি নির্বাচিত হলে পৌরসভার নাগরিকেরা যাতে সত্যিকার অর্থেই প্রথম শ্রেণীর পৌরসভার সুযোগ-সুবিধা পান সে দিকে মনোযোগ দেবেন। অপর মেয়র পদপ্রার্থী জি কে গউছ বলেন, আশা করি, উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে ভোটাররা আমাকে আবারও দায়িত্ব দেবেন।