জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে কারচুপির আশঙ্কা করছেন অন্য প্রার্থীরা। সাধারণ ভোটারদের মধ্যেও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গতকাল বুধবার সরেজমিনে ভোটারদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া যায়।
একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান। বিএনপি-সমর্থিত প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ফায়েজুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কে এম ফাহ্-রাবী ও সফিউল ইসলাম। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ভোটার এক লাখ ৬৬ হাজার ১৩২ জন।
বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ যেকোনো মূল্যে তাদের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মীদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে।
গতকাল দুপুরে উপজেলা সদরের জোনাইল বাজারে একটি চায়ের দোকানে দেখা যায়, ১০-১৫ জন আড্ডা দিচ্ছেন। আলোচনার বিষয় নির্বাচন। সেই আড্ডায় আহমঞ্চদ আলী নামক এক বৃদ্ধ বলেন, ‘গ্রামে গ্রামে চাউর (ছড়িয়ে) হয়ে গেছে আওয়ামী লীগ সিল মাইরে ভোট নিয়া যাব।’
বিএনপি-সমর্থিত প্রার্থী মো. ফায়েজুল ইসলাম অভিযোগ করেন, গত সোমবার রাতে উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান ও চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের বাড়িতে পুলিশ গিয়ে নির্বাচনের আগে এলাকা ছেড়ে যেতে হুমকি দেয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল বলেন, মোখলেছ ও সফিকুল ‘ক্রিমিনাল’। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা আছে। কোনো মামলায় পরোয়ানা হয়তো আছে। তাই পুলিশ গিয়ে থাকতে পারে।
স্বতন্ত্র প্রার্থী এ কে এম ফাহ্-রাবী বলেন, নির্বাচনে কারচুপি হবে বলে মনে হচ্ছে। অপর স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম বলেন, ‘কারচুপি হবে কি না বলতে পারছি না।’ সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বিএনপির প্রার্থীর পক্ষ থেকে কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকাসহ একটি আবেদন দেওয়া হয়েছে। সেটা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।