সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আ.লীগের বিদ্রোহীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে আজকের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে শঙ্কায় আছেন আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থীরা। আজ শনিবার জেলার মোট ১৫টি ইউপিতে নির্বাচন হবে। এর মধ্যে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে ১৩টিতে।
এই ১৩টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও ওই দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে ১২টিতে বিএনপি প্রার্থী আছেন।
বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় বিদ্রোহী প্রার্থীদের মধ্যেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। শঙ্কা সাধারণ ভোটারদের মনেও। তবে জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ভোটকেন্দ্র ছাড়াও প্রতিটি ইউনিয়নে পুলিশের দুটি করে ভ্রাম্যমাণ দল রাখা হয়েছে। ভোটের দিন ও ভোটের পর এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের প্রস্তুতি রয়েছে পুলিশের।
সদর উপজেলার আংগারিয়া ইউপির আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ দলীয় প্রার্থী নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।’ এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী তাসলিমা বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর স্বামী আবদুর রব মুনশি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অন্য প্রার্থীরা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। আমরা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদী।’
এ ইউনিয়ন পরিষদে মোট চেয়ারম্যান প্রার্থী ছয়জন। তাদের মধ্যে বিএনপি দলীয় প্রার্থী আবদুর রব হাওলাদার বলেন, নির্বাচনে অংশ নিচ্ছি ঠিকই। কিন্তু পরিস্থিতির কারণে আমি ঢিলেঢালাভাবেই নির্বাচনের মাঠে রয়েছি। তবে তিনিও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করেন।
গোসাইরহাট ইউপির বিএনপি প্রার্থী তারিক আজিজ মোবারক বলেন, নানাভাবে মামলা হামলার ভয় দেখানো হচ্ছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে তিনি জিতবেন। জেলার রুদ্রকর ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ নাভানা আকতারের স্বামী মোকতার হোসেন। তাঁর বিরুদ্ধে আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী। সেখানকার এক স্থানীয় ভোটার নুরুল ইসলাম ঢালী বললেন, জানি না শেষপর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হবে কি না? এদিকে গতকাল শরীয়তপুরে এসেছেন তিন সাংসদ। এঁরা হলেন নাভানা আকতার, বি এম মোজাম্মেল হক ও নাহিম রাজ্জাক। মোজাম্মেল হক বিভিন্ন নির্বাচনী ইউনিয়নে মোটরসাইকেল বহর নিয়ে ঘুরেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তিনি জরুরি কাজে নির্বাচনী এলাকায় গিয়েছিলেন। কিন্তু ইউপি নির্বাচন সংক্রান্ত কোনো কর্মকাণ্ডে অংশ নেননি।