সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা চার চেয়ারম্যান প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থী। আওয়ামী লীগদলীয় সাংসদ আবদুর রহমান বদির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আহমদের পক্ষে ভোটকেন্দ্র দখল ও কারচুপি করা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
৩১ মার্চ টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। দলীয় সূত্র জানায়, দলের তৃণমূল নেতারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীকে চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত করলেও স্থানীয় সাংসদ বদি মাঠে নামান জাফর আহমদকে। দলের নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে দুই প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
ওই দুই প্রার্থী ছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি-সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, জামায়াত-সমর্থিত প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুর আহমদ আনোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী জাফর আহমদের বড় ছেলে মোস্তাক আহমদ।
মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, সাংসদ বদি তাঁর মনোনীত প্রার্থীকে জিতিয়ে আনার জন্য বেপরোয়া হয়ে পড়েছেন। তিনি আচরণবিধি লঙ্ঘন করে নিজ প্রার্থীর পক্ষে বক্তব্য দিচ্ছেন। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছেন। ক্ষমতার অপব্যবহার করে তাঁর (মোহাম্মদ আলীর) সমর্থকদের মিথ্যা মামলা জড়ানোর হুমকি দিচ্ছেন। ভোটকেন্দ্র দখল করে নেওয়ার ভয় দেখাচ্ছেন। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
সরওয়ার কামাল চৌধুরীও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মোহাম্মদ আবদুল্লাহ বলেন, তাঁর বিজয় নিশ্চিত দেখে সাংসদ বদি জাফর আহমদের পক্ষে একাধিক ভোটকেন্দ্র দখল করে নেওয়ার চক্রান্ত চালাচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।
নুর আহমদ আনোয়ারী বলেন, জাফর আহমদের পক্ষে পুলিশ গত সোমবার উপজেলার বাহারছড়া এলাকা থেকে নুর আহমদ ও রহিম উল্লাহ নামে শিবিরের দুই কর্মীকে আটক করেছে। জামায়াত-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে না যেতে ভয় দেখানো হচ্ছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে।
কালা মিয়া ও ইমান শরীফ নামের দুই ভোটার বলেন, সবখানে প্রচারিত হচ্ছে, বদির লোকজন ভোটকেন্দ্র দখল করে নেবেন। ভোট না পেলেও নাকি তাঁর প্রার্থী জাফর আহমদকে চেয়ারম্যান ঘোষণা করা হবে। তাহলে আর ভোটকেন্দ্রে যাওয়ার দরকার কী? এ প্রসঙ্গে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও সাংসদ বদির বক্তব্য পাওয়া যায়নি। তিনি ফোন ধরেননি। তবে জাফর আহমদ বলেন, ‘আমার বিপুল জনসমর্থন দেখে বিরোধী পক্ষ সাংসদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। আমরাও চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হোক।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, ভোটকেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের মতো পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর। তিনি জানান, উপজেলার ৪৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোনো প্রার্থীর পক্ষে পুলিশ কাউকে আটক করেনি। নুর আহমদ ও রহিম উল্লাহর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। এ জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়ে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা জোরদারের দাবিতে মোহাম্মদ আবদুল্লাহ আবেদন করেছেন।