মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র কামাল উদ্দীন আহমদ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি গতকাল রোববার বিকেলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আশঙ্কার কথা তুলে ধরেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় একটি রেস্তোরাঁয় মতবিনিময় অনুষ্ঠান শুরু হয়। সেখানে কামাল উদ্দীন আহমদ তাঁর বক্তব্যে বলেন, কয়েক দিন ধরে সরকারদলীয় প্রার্থীর পক্ষে পৌর শহরে নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে মিছিল হচ্ছে। হাতি নিয়েও মিছিল হচ্ছে। রাত আটটা পর্যন্ত মাইকিং প্রচারণার নিয়ম থাকলেও নয়টা-সাড়ে নয়টা পর্যন্ত প্রচারণা চলছে। এসব কারণে নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে তিনি লিখিত অভিযোগ দেবেন বলে জানান।
পৌর শহরের প্রবেশপথে বিছানাকান্দি এলাকায় সড়কের পাশে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়ানোর বিষয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ওই মেয়র পদপ্রার্থী বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ভুলের কারণে
এ সমস্যা ঘটছে। সম্প্রতি সেখান থেকে বেশ কিছু আবর্জনা অপসারণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এ কে এম সফি আহমদ সলমান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে এসব তথ্য মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছেন।
পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, পৌরসভার বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চলছে। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।