সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র এ বি এম জিলানী। গত সোমবার তাঁর বিরুদ্ধে যুবলীগের নেতা-কর্মীরা শহরে মিছিল করেন। এ কারণে গতকাল মঙ্গলবার এ শঙ্কা প্রকাশ করেন তিনি।
জিলানী বলেন, আতঙ্ক সৃষ্টি করতে তাঁর বিরুদ্ধে শহরে মিছিল করা হয়। তাঁর দলের নেতা-কর্মীদের নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ৫০ থেকে ৬০ জন যুবক চাঁদপুর-লক্ষ্মীপুর প্রধান সড়কে একত্র হন। পরে তাঁরা বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী এ বি এম জিলানীর বিরুদ্ধে স্লোগান শুরু করেন। প্রায় ২০ মিনিট মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সড়কের ডাকবাংলোর সামনে গিয়ে মিছিল শেষ করে।
জিলানী বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করায় আমি শঙ্কিত। সাধারণ ভোটাররা নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কিত হয়ে পড়ছেন। বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিতভাবে জানাব।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে মিছিল করা আচরণবিধির লঙ্ঘন। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কামরুল হাসান বলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি মাহিদুল ইসলামকে বিএনপির লোকজন কুপিয়ে জখম করে। তিনি এখন রায়পুর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা মিছিল করেন। তবে প্রার্থীর বিরুদ্ধে মিছিল করা হয়নি।