জামালপুরের ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভোটাররা। ২৩ এপ্রিল তৃতীয় ধাপে এখানে ভোট নেওয়া হবে।
অনেক ভোটারের ভাষ্য, চেয়ারম্যান পদপ্রার্থীর ভোটটি অনেকেই ব্যক্তি ও দলীয়ভাবে দিলেও ইউপি সদস্যদের ক্ষেত্রে দল মুখ্য বিষয় নয়। বরং কোন ব্যক্তি এলাকায় গ্রহণযোগ্য, সেটাই বিবেচনায় নিচ্ছেন তাঁরা। তবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে জাল ভোট, প্রকাশ্যে সিল, সংঘর্ষ, বিশৃঙ্খলা ও বেশির ভাগ কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল দিতে ভোটারদের বাধ্য করার উদাহরণ টেনে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে তাঁরা শঙ্কা প্রকাশ করেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গাইবান্ধা, চরপুটিমারী, চরগোয়ালিনী ও গোয়ালেরচর ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে গোয়ালেরচরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী শেখ মোহাম্মদ হারুনুর রশীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি তিনটির মধ্যে গাইবান্ধায় আওয়ামী লীগের মাকছুদুর রহমান, বিএনপির মাহমুদ হাসান কবির ও স্বতন্ত্র প্রার্থী নূর ইসলাম নির্বাচন করছেন।