সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৭ মে অনুষ্ঠেয় চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী ও একাধিক স্বতন্ত্র প্রার্থী সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
গত শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসন ও প্রার্থীদের মতবিনিময় সভায় ওই প্রার্থীরা শঙ্কার কথা জানান।
জেলা নির্বাচন কার্যালয় ওই সভার আয়োজন করে। ইউএনও শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার এবং বেশ কয়েকজন চেয়ারম্যান ও সদস্য প্রার্থী বক্তব্য দেন।
সভায় নায়েরগাঁও দক্ষিণ ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী এস এম আনোয়ার হোসেন অভিযোগ করেন, সেখানে কয়েক দিন ধরে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল মামুনের কর্মী-সমর্থকেরা তাঁর কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছেন। তাঁরা তাঁর (আনোয়ার) কর্মীদের হুমকি দিচ্ছেন। প্রচারণায় ব্যবহৃত তাঁর আট-দশটি মাইক ভাঙচুর করা হয়।
উপাদী উত্তর ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী শামীম হোসেন মিয়াজী ও নায়েরগাঁও দক্ষিণ ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী মজিদ তালুকদার অভিযোগ করেন, মুঠোফোনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকেরা নির্বাচন থেকে তাঁদের সরে দাঁড়ানোর হুমকি দিচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, তাঁদের দলের কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে হুমকি দেননি বা প্রচারণায় বাধা দেননি।
জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল বলেন, যেকোনো মূল্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা হবে।