চট্টগ্রামের পটিয়া উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ শনিবার। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন বিএনপির প্রার্থীরা।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, নির্বাচনে ১২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতি দুটি ইউনিয়নের জন্য একটি মোবাইল টিম থাকবে। প্রতি কেন্দ্রে ৬ জন পুলিশ, ১৭ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবেন। থাকবে বিজিবির টহল। এ ছাড়া একজন অতিরিক্ত পুলিশ সুপার পুরো নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ বলেন, ২১ ইউনিয়নে ৭৮ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে ১৬৫ জন নারী প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ৮০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২১ ইউপির মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯৫টি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, নির্বাচনে ১ হাজার পুলিশ মোতায়েন রয়েছে। ১৯৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৬টি ঝুঁকিপূর্ণ এবং ১৮টিকে অত্যধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ছনহরা ইউনিয়নের বিএনপিদলীয় প্রার্থী আবদুর রশিদ অভিযোগ করেন, গত বুধবার সন্ধ্যায় মুরালীঘাট এলাকায় গণসংযোগ করতে গেলে সরকারদলীয় প্রার্থীর লোকজন তাঁদের ওপর হামলা চালান। তবে আওয়ামী লীগের প্রার্থী কামাল উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেন।
কুসুমপুরা ইউনিয়ন বিএনপির প্রার্থী রেজাউল করিম বলেন, তিন দিন ধরে সরকারদলীয় প্রার্থীর লোকজন তাঁর কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম বলেন, এ অভিযোগ সত্য নয়।