উপজেলা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, এ নিয়ে সংশয়ে ভুগছেন সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের শরণখোলার ভোটাররা। নির্বাচন কেন্দ্র করে কয়েক দিনের সহিংসতার একপর্যায়ে গতকাল শুক্রবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের একাংশের চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামান ওরফে মিলন। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আজ শনিবার এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের ঠিক আগের দিন আসাদুজ্জামানের সরে দাঁড়ানোর ঘোষণায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান খান আতঙ্কিত বোধ করছেন বলে জানালেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন আকনের অনুগত বাহিনী বাড়ি বাড়ি গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠি নিয়ে হুমকি দিয়ে বেড়াচ্ছে। নির্বাচনে প্রভাব বিস্তার করতে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান। বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত একটি বিলাসবহুল গাড়ি নিয়ে বাগেরহাটের শরণখোলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন আকনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচনের আগের দিন প্রচারণা চালানো এবং রিটার্নিং কর্মকর্তার অননুমোদিত গাড়ি ব্যবহার—দুটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে বলে দাবি করেছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মতিয়ার রহমান খান।
অবশ্য বদিউজ্জামান গতকাল শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে কোনো ধরনের পক্ষপাত বিস্তারের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, জরুরি সাংগঠনিক কাজে প্রার্থীকে সঙ্গে নিয়ে গাড়িতে করে চলাফেরা করেছেন। প্রার্থী সঙ্গে থাকলে এটা আচরণবিধির লঙ্ঘন হয় না। এ সময় সেখানে কামাল উদ্দিন আকনও উপস্থিত ছিলেন। ওই সংবাদ সম্মেলনেই আসাদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
অথচ ১২ মার্চ উপজেলার আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে ‘নির্বাচনে আমি আছি এবং থাকব’ বলে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছিলেন তিনি। পরে বৃহস্পতিবার বিকেলে বদিউজ্জামান শরণখোলায় আসেন। রাত ১০টায় বৈঠক করেন আসাদুজ্জামানের বাসায়। ওই বৈঠকের পরও আসাদুজ্জামান নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর কথা জানান কর্মী-সমর্থকদের। গতকাল সকালেও তাঁর কয়েকজন কর্মী-সমর্থক তাঁর পক্ষে কাজ করতে গিয়ে প্রহূত হন।
দুপুর ১২টায় আসাদুজ্জামান সরে দাঁড়াতে পারেন—এ খবর শোনার পর তাঁর এক কর্মী ইদ্রিস ফরাজী হাহাকার করে ওঠেন। মাত্র ঘণ্টা খানেক আগে সাউথখালী ইউনিয়নের বগী গ্রামের ইদ্রিসকে মারধর করা হয় তাফালবাড়ী বাজারে। অপরাধ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমালোচনা করা। মারধরের পর ইদ্রিস তাফালবাড়ী গ্রামের হায়দার আলীর বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়িতেই কথা হয় ইদ্রিসের সঙ্গে। ইদ্রিস বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে আসাদুজ্জামানের অন্তত অর্ধশত কর্মী-সমর্থককে মারধর করা হয়েছে। ইদ্রিসের মতো ওই কর্মী-সমর্থকেরা শেষ মুহূর্তে এসে আসাদুজ্জামানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে হতাশ হয়েছেন।
একান্ত আলাপে আসাদুজ্জামান বলেন, ‘আমার আর কোনো উপায় ছিল না। কর্মীদের বাঁচাতেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’
সহকারী রিটার্নিং ও শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ্জামান বলেন, বদিউজ্জামানের গাড়ি ব্যবহারের অভিযোগ তিনি পেয়েছেন এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের বিষয়টি অবহিত করেছেন। তাঁরা এমন কিছু দেখলে অবশ্যই ব্যবস্থা নেবেন।
আসাদুজ্জামানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় খুশি বিএনপি। বিএনপি-সমর্থিত প্রার্থী মতিয়ার রহমান খান মনে করেন, বিএনপির নিজস্ব ভোটের সঙ্গে আসাদুজ্জামানের হতাশ কর্মী-সমর্থকদের ভোটও পাবেন তিনি। খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম খোন্তাকাটা গ্রামের নিজ বাড়িতে গতকাল বিকেল চারটায় তিনি জানিয়ে দেন যে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাই সংবাদ সম্মেলন করার পরিকল্পনা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত প্রেসক্লাবে যাওয়ার সাহস পাননি। সাংবাদিকদের কাছে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের মাধ্যমে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন। কয়েক দিন ধরে নির্বাচনের কাজে তিনি কোথাও বের হতে পারেননি। তাঁর কর্মী-সমর্থকদের মারধর করা হচ্ছে, অথচ পুলিশ উল্টো মামলা দিয়ে গ্রেপ্তার করছে তাঁর কর্মী-সমর্থকদের। নিজের প্রাণ সংশয় রয়েছে বলে নির্বাচনের দিনও বাছাই করে মাত্র দু-একটি কেন্দ্রে যাবেন। বিষয়টি তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ্জজামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল হাসান ও শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালেককে অবহিত করেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে বিকেল সাড়ে চারটায় যোগাযোগ করা হলে তাঁরা মতিয়ার রহমান খানকে অবরুদ্ধ করে রাখার কোনো খবর পাননি বলে জানান। রাজিবুল হাসান বলেন, নির্বাচনের আগে প্রার্থীরা প্রায়ই এমন অভিযোগ করে থাকেন।
গতকাল বিকেল সাড়ে পাঁচটায় শরণখোলা থানার ওসির কাছে এ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার সঙ্গে ১০ মিনিট আগে উনার (মতিয়ার রহমান খানের) কথা হয়েছে। উনি তো আমাকে এমন কিছু বলেননি।’ বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে, কিন্তু পুলিশ মামলা নিচ্ছে না—এ অভিযোগ সম্পর্কে ওসি বলেন, ঘটনা ঠিক নয়। বরং বিএনপির কর্মীরাই প্রতিপক্ষকে মারধর করায় এরই মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।