বরগুনার তালতলী ও রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন আজ সোমবার। নবগঠিত এ দুটি উপজেলা পরিষদে প্রথমবারের এ নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে৷ তবে নির্বাচন সুষ্ঠু হবে না বলে অনেক ভোটার ও কয়েকজন প্রার্থী আশঙ্কা প্রকাশ করেছেন।
তালতলীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুল মজিদ তালুকদার ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী ফরহাদ হোসেন মৃধা।
বিএনপির বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সন্ত্রাসী বাহিনী তাঁর (ফরহাদ হোসেন) এজেন্ট, সমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।
গত রোববার রাতে স্থানীয় কবিরাজপাড়া গ্রামে তাঁর কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে ও কেন্দ্রে না যেতে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে৷ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করেছেন৷
জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি৷’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার ভোটার সংখ্যা ৫৭ হাজার ৮২৬ জন এবং ভোটকেন্দ্র ২৯টি৷
রাজবাড়ীর কালুখালী উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত কাজী সাইফুল ইসলাম ও ‘বিদ্রোহী’ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী; বিএনপি-সমর্থিত প্রার্থী আবদুর রাজ্জাক ও ‘বিদ্রোহী’ প্রার্থী কে এম আইনুল হাবীব।
মৃগী ইউনিয়নের বাসিন্দা আদেল জোয়ার্দ্দার জানান, নির্বাচনের শুরু থেকেই সাইফুল ইসলামের কর্মীরা তাঁদের হুমকি দিচ্ছেন।
তবে সাইফুল ইসলামের নির্বাচন সমন্বয়কারী শফিউল মোর্শেদ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কালুখালী উপজেলায় ৪৩টি ভোটকেন্দ্রে এক লাখ এক হাজার ৫৪৮ জন ভোটার ভোট দেবেন।