সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলেছে, নির্বাচন-পূর্ব ব্যাপক সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে নাগরিকদের মধ্যে একধরনের সংশয় তৈরি হয়েছে।
রাজধানীর পুরানা পল্টনের প্রগতি কনফারেন্স সেন্টারে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন এ অভিমত প্রকাশ করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
সংবাদ সম্মেলনে বলা হয়, দৃশ্যমান সহিংসতা ছাড়াও অদৃশ্য নির্বাচনী অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা অনেক ঘটেছে। ফেনীর তিনটি পৌরসভায় ৪৮টি কাউন্সিলর পদের ৪৪টিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন প্রার্থীদের কাছ থেকে জোর করে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে নির্বাচন কমিশন টুঁ-শব্দ করেনি। এ ছাড়া ছয়জন মেয়র ও ১৩৪ জন কাউন্সিলর পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যা পৌরসভা নির্বাচনের জন্য একটি রেকর্ড।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি দলের ২৩ জন মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কমিশন কোনো কঠোর ব্যবস্থা তো নেয়ইনি, বরং বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে নির্বাচন কমিশন নিজেদের হাসির পাত্রে পরিণত করেছে। এর মাধ্যমে কমিশনের প্রতি জনগণের আস্থা কোনোভাবেই বৃদ্ধি পায়নি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রার্থীদের ভয়ভীতি দেখানোর মাধ্যমে একটা বড় অদৃশ্য অনিয়ম ঘটেছে। প্রার্থীরা এ ব্যাপারে অভিযোগ করেছেন। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার। সুজনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যেসব প্রার্থী নিজে বা প্রার্থীর পক্ষে অনিয়ম করা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। প্রয়োজনে দোষী ব্যক্তিদের জেলে পাঠান। এমনকি দু-একজনের প্রার্থিতা বাতিল করুন। যেসব প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করুন।
সংবাদ সম্মেলনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে, তা নিরসনে যথাযথ পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।
সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান বলেন, নির্বাচনী অনিয়ম হলেও নির্বাচন কমিশনের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তারা কেবল কিছু জরিমানা আর কারণ দর্শানো নোটিশের মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে। গবেষক, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, এ নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা দেখার অপেক্ষায় আছে মানুষ।