সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌরসভার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. হারুন মিয়া। উভয় প্রার্থী জানিয়েছেন, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর নেতা-কর্মীরা নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার জন্য নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দুটি মামলা করেছেন।স্বতন্ত্র প্রার্থী মো. হারুন মিয়া বলেন, ‘নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্য আমাদের পরিবারের প্রায় সব সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন বিঘ্নিত করার জন্য আওয়ামী লীগের প্রার্থীর চাচাতো ভাই ওই মামলা করেন। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয়ে আছি।’এদিকে গত রোববার দুপুরে এম কে আনোয়ারের হাসপাতাল-সংলগ্ন বাসার সামনে বৈঠক করছিলেন বিএনপি-সমর্থিত প্রার্থী, উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা। সেখানে প্রথম আলোকে দেওয়া বক্তব্যে তাঁরা জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে সংশয় রয়েছে।অভিযোগ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ বলেন, ‘অতীতে আমার দ্বারা কোনো অন্যায় হয়নি। ভবিষ্যতেও হবে না। নোংরামির রাজনীতি আমি করি না। আওয়ামী লীগও ওই রাজনীতি করে না। এখানে যেসব মামলা হয়েছে, তা বাদীর ব্যক্তিগত মামলা।’ এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আবদুল জলিলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ও হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার মণ্ডল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এ ক্ষেত্রে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘিত হলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’