সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় স্বতন্ত্র প্রার্থী মিজানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুষ্ঠু নির্বাচন হতে পারবে কি না—এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর সমর্থকেরা তাঁর পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে নাম প্রত্যাহার করাচ্ছেন বলে তিনি অভিযোগ করেছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক মিজানুল হক ১৯৮৬ ও ’৯১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছিলেন। এবার তিনি হরিণ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সঙ্গে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগ-সমর্থিত জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক।
কিশোরগঞ্জের ছয়টি আসনের পাঁচটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করায় পুরো জেলাতেই নেই কোনো নির্বাচনী উত্তাপ। ওই প্রভাব পড়েছে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনেও। দুই প্রার্থী উপজেলা ও ইউনিয়নের প্রধান প্রধান সড়কে গণসংযোগ করেছেন। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও ভোটার উপস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক ভোটার।
মিজানুলের দাবি, আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীসহ ৯০ শতাংশ ভোটার তাঁর পক্ষে আছেন। সুষ্ঠু নির্বাচন হলে তিনিই জয়ী হবেন।
তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘প্রতিপক্ষের দাপট ও ভয়ভীতির কারণে প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারছি না। যাঁদের পোলিং এজেন্ট বানাই, মুজিবুলের সমর্থকেরা ভয়ভীতি দেখিয়ে তাঁদের নাম প্রত্যাহার করাচ্ছেন। ফলে এজেন্ট না থাকলে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে আমার জয় ছিনিয়ে নেওয়া হবে।’
অভিযোগ অস্বীকার করে মুজিবুল হক বলেন, নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে তিনি পুলিশ ও সরকারি গাড়িসহ সব ধরনের প্রটোকল ত্যাগ করে সাধারণভাবে গণসংযোগ চালাচ্ছেন। গত নির্বাচনের মতো এবারও মহাজোটের প্রার্থী হিসেবে তাঁর বিজয় নিশ্চিত। কেননা, তাঁর পক্ষে মাঠে নেমেছেন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়া ব্যক্তিরাসহ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম আলম প্রথম আলোকে জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য শুধু গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নয়, সব কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।