সুষ্ঠু নির্বাচন নিয়ে 'বিদ্রোহী' ও বিএনপির প্রার্থীর শঙ্কা
শেরপুরের নকলায় উরফা ইউনিয়ন পরিষদের (ইউপি) সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী। তাঁদের অভিযোগ, তাঁদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও এক কর্মীকে আহত করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থী নূরে আলম তালুকদার ও বিএনপির প্রার্থী মো. রুস্তম আলী আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল হকের বিরুদ্ধে প্রথম আলোর কাছে এসব অভিযোগ করেন।
১৭ মার্চ সরেজমিনে উরফা ইউপির বারমাইসা বাজার, লয়খা ও হাসনখিলা গ্রামে দেখা যায়, প্রার্থীদের নির্বাচনী প্রচারকাজ চলছে। নির্বাচনী ক্যাম্পগুলোতেও জনসমাগম রয়েছে। কিন্তু ৩১ মার্চ অনুষ্ঠেয় এ নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল থেকে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল হককে মনোনয়ন দেওয়া হয়। সেই থেকে শুরু হয় এই দুই প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব। এলাকায় দুই প্রার্থীর কর্মী-সমর্থকেরা নির্বাচনী প্রচারের কাজ অব্যাহত রাখলেও তাঁদের মধ্যে রয়েছে উত্তেজনা। তাই নির্বাচন সুষ্ঠু হবে কি না, তাঁদের সন্দেহ হয়।
স্থানীয় লোকজন বলেন, গত সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা বারমাইসা বাজারে মিছিল করেন। এ সময় উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে মধ্যরাতে বারমাইসা বাজার, হাসনখিলা ও তারাকান্দা এলাকায় নূরে আলমের তিনটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও আসবাব লুট করা হয়। এ ছাড়া নুরল তালুকদার নামের একজন কর্মী প্রতিপক্ষের হামলায় আহত হন।
গত বৃহস্পতিবার ‘বিদ্রোহী’ প্রার্থী নূরে আলম প্রথম আলোকে বলেন, পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল ও তাঁর সমর্থকেরা বিভিন্নভাবে তাঁকে (নূরে আলম) হুমকি দিচ্ছেন। তাঁর তিনটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও একজন কর্মীকে গুরুতর আহত করেছেন।
বিএনপির প্রার্থী রুস্তম আলী অভিযোগ করে বলেন, তাঁকেও আওয়ামী লীগের প্রার্থী নানাভাবে হুমকি দিচ্ছেন। তিনি (রেজাউল) বলে বেড়াচ্ছেন নির্বাচনের দিন দুপুর ১২টার মধ্যেই সব ভোট নিয়ে নেওয়া হবে। তাই জনমনে আতঙ্ক বিরাজ করছে। সুষ্ঠু ভোট হবে কি না, সে আশঙ্কা করা হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক বলেন, ‘আমি কোনো প্রার্থীকে কোনো ধরনের হুমকি দিইনি বা আমার কোনো সমর্থক নূরে আলমের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর বা কাউকে আহত করেননি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যাতে নিরাপদ পরিবেশে নির্বাচনী প্রচারণার কাজ চালাতে পারেন, এ জন্য উরফা ইউপিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।