সুষ্ঠু নির্বাচন হবে কি না, সংশয় এরশাদের
সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি নিজ দলের প্রার্থীদের বলেছেন, ‘মনোনয়নপত্র দাখিল করে আমার নির্দেশের জন্য অপেক্ষা করবে। যদি মনে করি নির্বাচন সুষ্ঠু হবে, তোমরা নির্বাচনে যাবে।’
গতকাল শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে দশম সংসদ নির্বাচনে জাপার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এরশাদ এই নির্দেশ দেন।
এরশাদ এর আগে সভা-সমাবেশে বক্তৃতায় নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করে আসছিলেন। সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হলে, তাতে তিনি যাবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন। এরপর আকস্মিক ভোল পাল্টিয়ে এরশাদ নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। এখন তিনি বলছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।
গতকাল এরশাদ বলেন, ‘সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচন করা সম্ভব হবে না। আমরা নির্বাচনের জন্য এক শ ভাগ প্রস্তুত আছি। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। মানুষ মারা, জ্বালাও-পোড়াও বন্ধ করুন। আমি আমার প্রার্থীদের বোমা হামলার মুখে ঠেলে দিতে পারি না। তাঁরা আমার সন্তান।’