কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রথম আলো মুখোমুখি হয় দুই মেয়র প্রার্থীর। আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা ও বিএনপির মনিরুল হক। তাঁরা দুজনই জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী এবং কুমিল্লাকে আধুনিক, উন্নত ও নাগরিকসেবাবান্ধব নগর হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও গাজীউল হক

প্রথম আলো: গত পাঁচ বছর আপনি জনগণের অনেক চাহিদা পূরণ করতে পারেননি। এ নিয়ে আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে না?
মনিরুল হক: প্রশ্নের মুখোমুখি তো হতেই হয়। কিন্তু আমি যা করতে পেরেছি বলি, যা পারিনি তাও স্বীকার করি। ২৭টি ওয়ার্ডেই উন্নয়ন হয়েছে, কোথাও কম, কোথাও বেশি। পৌরসভার সময়ও সরকার ৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আমি পেয়েছি ৪ কোটি টাকা। সে ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে কীভাবে?
প্রথম আলো: আপনার প্রধান চ্যালেঞ্জ কী ছিল?
মনিরুল হক: আমার চ্যালেঞ্জ ছিল নতুন সিটি করপোরেশন। আমাকে সবকিছু নতুন করে শুরু করতে হয়েছে। প্রকল্প অনুমোদন পেতে সময় লেগেছে। রাজনৈতিক আন্দোলনের কারণেও কাজ পিছিয়েছে। বিদেশিরা আসতে ভয় পেতেন।
প্রথম আলো: কিন্তু আন্দোলন তো আপনার দলই করেছে।
মনিরুল হক: যে কারণেই হোক না কেন, কাজ পিছিয়েছে। আবার এই আন্দোলনের কারণেই রাজনৈতিক মামলা হয়েছে। আমার দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরও বলব, কুমিল্লায় অনেক উন্নয়ন কাজ হয়েছে। রাস্তাঘাট প্রশস্ত করেছি। ড্রেনেজব্যবস্থার উন্নয়ন করেছি।
প্রথম আলো: এবার আপনার অগ্রাধিকার কী?
মনিরুল হক: আমার অগ্রাধিকার হবে জলাবদ্ধতা পুরোপুরি দূর করা, যানজট নিরসন করা এবং কুমিল্লাকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তোলা। ইজিবাইকও নিয়ন্ত্রণে এনেছি। মিটারচালিত রিকশায় দুর্ঘটনা হতো বলে মিটার তুলে দিয়েছি। সিটি করপোরশেনর উদ্যোগে সিটি বাস সার্ভিস চালু করব। তিনটি হাসপাতাল করেছি। আরও হাসপাতাল করব। নগরবাসীর আবাসনে ৩৭টি বহুতল ফ্ল্যাট করেছি। আরও ফ্ল্যাট করব।
প্রথম আলো: নির্বাচনের পরিবেশ কেমন?
মনিরুল হক: নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো। তবে ভয়ভীতিও আছে। কুদ্দুস নামে আমার এক কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। তাঁকে পুরোনো মামলায় জড়িয়েছে। আওয়ামী লীগ আমাদের পোস্টার ছিঁড়ে ফেলছে। ধরপাকড়ের আশঙ্কা করছি।
প্রথম আলো: নির্বাচন সুষ্ঠু করতে কী করা প্রয়োজন বলে মনে করেন?
মনিরুল হক: নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। প্রতি ওয়ার্ডে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলে হবে না। পুলিশ, র্যা ব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করতে হবে।
প্রথম আলো: সিটি নির্বাচন নিয়ে বিএনপির মধ্যেও বিভক্তি ছিল। আপনার প্রতিপক্ষ মনোনয়ন প্রত্যাশা করেছিল।
মনিরুল হক: বিএনপিতে বিরোধ নেই। সবাই আমার পক্ষে কাজ করছেন।
প্রথম আলো: আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী?
মনিরুল হক: নির্বাচন সুষ্ঠু হলে আমিই জয়ী হব।
প্রথম আলো: প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
মনিরুল হক: তিনি নতুন। এর আগে কাউন্সিলর ছিলেন। এখানে ব্যক্তি ইমেজ ও অভিজ্ঞতা কাজ করবে। দায়িত্ব পালনকালে আমি সবাইকে নিয়ে কাজ করেছি। দলের লোক বলে কাউকে দেখিনি।