প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলনিরপেক্ষ প্রশাসনের প্রয়োজন রয়েছে। কিন্তু দেশের মাঠপর্যায়ের কিছু ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আছে।নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে সিইসি এ কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।বৈঠকে প্রধান অতিথি এ টি এম শামসুল হুদা আরও বলেন, ‘অভিযোগ থাকলেও প্রশাসনের লোক দিয়েই আমাদের কাজ করতে হবে। তবে জেলা প্রশাসক বা পুলিশ সুপারদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই।’বৈঠক সঞ্চালনা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান। প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, বড় দুটি রাজনৈতিক দল জাতিকে হতাশায় ডুবিয়েছে। এ জন্য ছোট দলগুলোও দায়ী। ছোট দলগুলো একজোট হলে বড় শক্তিতে পরিণত হতে পারে।বেসরকারীকরণ বোর্ডের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরায় প্রবর্তন করে সরকারকে সেই সদিচ্ছার প্রমাণ দিতে হবে।আইন সংস্কারের ব্যাপারে নির্বাচন কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচন কমিশনার নিয়োগে প্রধান নির্বাচন কমিশনার, হাইকোর্টের একজন বিচারক, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও মহাহিসাব নিরীক্ষককে নিয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগের নেতা মাহমুদুর রহমান মান্না এই প্রস্তাবের বিরোধিতা করে বলেন, যাঁদের নিয়ে অনুসন্ধান কমিটি গঠিত হবে, তাঁরা সবাই তো সরকারি দলের। বিএনপি এটা মানবে না।অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। প্রবন্ধে বলা হয়, নির্বাচন কমিশনার নিয়োগের জন্য অনুসন্ধান কমিটি প্রতিটি পদের জন্য তিনজনের নাম প্রস্তাব করে সংসদের কার্যোপদেষ্টা কমিটিতে পাঠাবে। সংসদনেতা ও বিরোধীদলীয় নেতা যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত প্যানেল তৈরি করে তা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। কিন্তু আমাদের বিরাজমান রাজনীতিতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী একসঙ্গে বসেন না। সে ক্ষেত্রে কীভাবে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে?গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বিচারপতি কাজী এবাদুল হক, জেএসডির নেতা আ স ম আবদুর রব, সাবেক সচিব আবদুল লতিফ মণ্ডল, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান ও সিপিবির নেতা রুহিন হোসেন।