সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ছহুল হোসাইন নারায়ণগঞ্জে প্রার্থী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। যেকোনো মূল্যে শান্তিপূর্ণভাবে সিটি করপোরেশন নির্বাচনের আশ্বাস দেন তিনি।মতবিনিময় সভায় সেলিনা হায়াৎ আইভী বলেন, একজন সাংসদ যেভাবে কথা বলছেন, তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। সভায় শামীম ওসমান জনসভা করার অনুমতি চান। আর তৈমুর আলম খন্দকার বরাবরেই মতোই ইভিএম নিয়ে তাঁর শঙ্কার কথা জানান।নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ঘর থেকে বের হয়ে ভোট দিতে পারে এবং ভোট দিয়ে আবার ঘরে ফিরতে পারে, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার শহরের চাষাঢ়ায় জিয়া হলে প্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।ছহুল হোসাইন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হলে সেনাবাহিনীও মোতায়েন করা হবে। প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে পারবেন। কোনো মিছিল-জনসভা করা যাবে না। পথসভা করা যাবে, তবে এমনভাবে করতে হবে, যাতে জনদুর্ভোগের সৃষ্টি না হয়।সভায় রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ মেহেদী হাসান, পুলিশ সুপার শেখ নাজমুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনসহ সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বেলা ১১টায় ছহুল হোসাইন জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সব রকম ব্যবস্থা নিতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।আইভীর উদ্বেগ: সভায় সেলিনা হায়াৎ আইভী উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘শামীম ওসমানের বড় ভাই সাংসদ নাসিম ওসমান বলেছেন, “৩০ অক্টোবর সন্ধ্যা সাতটায় শামীম ওসমানকে বিজয়ী ঘোষণা করা হবে। আইভী পাঁচ হাজারের কম ভোট পাবে।” একজন সাংসদের এ ধরনের বক্তব্য মানুষের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। তাই আমাদের দাবি, সেনা মোতায়েন করা হোক।’গণমাধ্যমের সমালোচনায় শামীম: মতবিনিময় সভায় শামীম ওসমান বলেন, ‘২০০১ সালে বোমা হামলার শিকার আমি। আমার পায়ে ৫০০ স্প্লিন্টার আছে। আমার দুটো হাঁটুই বদলাতে হবে। দুই পা নিয়ে আমি ঘরে ঘরে যেতে পারি না। কাজেই জনসভার আয়োজন করে প্রচারাভিযান চালানো যায় কি না, আমি সেই দাবি জানাচ্ছি।’শামীম বলেন, ‘একটি পত্রিকা শিরোনাম দিয়েছে, শামীমের সঙ্গে নেতা, আইভীর সঙ্গে জনতা। এই পত্রিকা ও একটি বেসরকারি টিভি চ্যানেল প্রতিনিয়ত আমার চরিত্র হনন করছে। নির্বাচন কমিশনের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।’জবাবে ছহুল হোসাইন বলেন, ‘গণমাধ্যম নিয়ে কোনো আপত্তি থাকলে আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।’প্রচার-প্রচারণা: সপ্তম দিনে গতকালও জোর প্রচারণা চালান অলোচিত তিন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা।সেলিনা হায়াৎ আইভী কাল বন্দর উপজেলার ২২ নম্বর ওয়ার্ডের রাজবাড়ী, বাবুপাড়া, জামাইপাড়া প্রভৃতি এলাকায় গণসংযোগ করেন। এ সময় কয়েকটি উঠোন বৈঠক ও পথসভা করেন তিনি। আইভী সাংবাদিকদের বলেন, ‘দল কাউকেই সমর্থন দেয়নি। কাজেই দলীয় সমর্থন নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।’শামীম ওসমান কাল সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া, আদমজী, সোনামিয়া মার্কেট; বিকেলে ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল, হাজীগঞ্জ, চিত্তরঞ্জন, লক্ষ্মীনারায়ণ ও ঢাকেশ্বরী এলাকায় গণসংযোগ করেন।তৈমুর আলম খন্দকার বন্দরের ২৪, ২৫, ২৬, ২৭ নম্বর ওয়ার্ডের ইস্পাহানী বাজার, নবীগঞ্জ, হরিপুর, কাইটাখালী, লক্ষণখোলা, ঢাকেশ্বরী, ছনপাড়া প্রভৃতি এলাকায় গণসংযোগ করেন।