সুষ্ঠু নির্বাচনে বাধার পরিণতি হয়েছে ভয়াবহ: ড. কামাল
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প হতে পারে না। নির্বাচন নিয়ে টানাটানি করা একদম উচিত না। যারাই সুষ্ঠু নির্বাচনে বাধা দিয়েছে, তাদের পরিণতি হয়েছে ভয়াবহ।
গতকাল শনিবার সন্ধ্যায় মালিবাগের কসমস সেন্টারে অনুষ্ঠিত এক সংলাপে প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। ‘বাংলাদেশের গণমাধ্যম ও বিচার বিভাগ’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে কসমস ফাউন্ডেশন।
তরুণ প্রজন্মের উদ্দেশে কামাল হোসেন বলেন, যখনই নির্বাচনে হাত দেওয়ার চেষ্টা হয়েছে, তখনই মানুষ রুখে দাঁড়িয়েছে। স্বৈরাচারী সরকার বাধা দিয়েছে। তবে বাধা দিয়ে কেউ পার পায়নি, এখানে সফল হয়নি। তিনি বলেন, কালোটাকা জনগণের ক্ষমতার বিরুদ্ধশক্তি। শুধু এ দেশে নয়, প্রতিটি দেশেই গণতন্ত্রের বড় শত্রু কালোটাকা। তিনি বলেন, গণতন্ত্রে জনগণ ক্ষমতার মালিক। সংবিধানে আছে, প্রতিটি স্তরে নির্বাচিত প্রতিনিধি দায়িত্ব পালন করবেন। সংবিধান সবার শক্তি। এখানে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। স্বেচ্ছাচারী করে শাস্তি দেওয়া যাবে না, তা বলা আছে।
মূল বক্তব্যে ড. কামাল বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যম উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিচার বিভাগ সংবিধানের অভিভাবক। আইন বিভাগ সংবিধানের ব্যত্যয় ঘটিয়ে কিছু করছে কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিতে পারেন। ব্যত্যয় হলে তা অসাংবিধানিক ও বাতিল করতে পারেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আর মুক্ত গণমাধ্যম ক্ষমতার অপব্যবহার রুখতে পারে। মুক্ত গণমাধ্যম রক্ষাকবচের ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা সংবিধানে বলা আছে। তবে তা আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধ সাপেক্ষে। কোনো গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। সে ক্ষেত্রে স্বাধীন বিচার বিভাগ সুরক্ষা দিতে পারে।
কসমস গ্রুপের চেয়ারম্যান আমান উল্লাহ খানের সভাপতিত্বে সংলাপে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের শিক্ষক আবু জায়েদ মোহাম্মদ ও এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলম বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বার্তা সংস্থা ইউএনবির নির্বাহী সম্পাদক সৈয়দ জেম আল মাহমুদ।