সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রার্থীদের আশ্বাস দিয়েছে প্রশাসন।
গতকাল মঙ্গলবার প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক জরুরি সভায় এই আশ্বাস দেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা শুরু হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, ১১ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. আশরাফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও দলটির মেয়র পদপ্রার্থী মো. ওমর আলী, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মো. আজিজুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদপ্রার্থী আমেনা খাতুন, কাউন্সিলর পদপ্রার্থী মো. হাফেজ আহমেদ, মো. হোসেন, মো. নাজের ও ইউসুফ নবী।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. জাফর আলী খান সভায় উপস্থিত ছিলেন না।
সভায় বিএনপির মেয়র পদপ্রার্থী মো. ওমর আলী বলেন, এখন পর্যন্ত তিনি প্রচারণায় কোনো ধরনের বাধা পাননি। তবে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা প্রয়োজন।
স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান বলেন, বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীদের পক্ষে জাল ভোট দেওয়া হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সে জন্য প্রশাসনের সর্তক হওয়া প্রয়োজন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে কোনো প্রার্থীকে হুমকি বা বাধা দেওয়া হয়নি। জাল ভোটের আশঙ্কা অমূলক।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, ‘আমরা আশা করি বাঘাইছড়ি পৌর নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ ও আচরণবিধি লংঘনের অভিযোগ পাওয়া যায়নি। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রচারণা চলছে।’
ইউএনও মো. তাজুল ইসলাম বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তিনি প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের চিন্তার কোনো কারণ নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন হলে ভোটারদের চেয়ে বেশিসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।’
ইউএনও বলেন, বুধবার থেকে পৌর শহরে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।