
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী আজমত উল্লা খান ও এম এ মান্নান। এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মের অপব্যবহার এবং প্রশাসনে প্রভাব বিস্তারের অভিযোগ তোলে। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন, রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান, সাত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা বলেন, ‘নির্বাচনে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি নিষিদ্ধ। কিন্তু তার পরও বাড়ি বাড়ি গিয়ে ধর্ম নিয়ে উসকানি দেওয়া হচ্ছে। ভোটারদের কাছে প্রার্থীদের নাস্তিক বলা হচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশনকে দেখতে হবে।’
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নান বলেন, ‘সরকার নির্বাচনকে প্রভাবিত করছে। স্বাস্থ্যসচিব নিয়াজ আহমেদ চৌরাস্তায় এসে গোপন বৈঠক করেছেন। কৃষি কর্মকর্তা মদন কুমারও গতকাল গোপন বৈঠক করেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাদ্রাসাশিক্ষক ও ইমামদের নিয়ে বৈঠক করছেন। এসব ঘটনায় ব্যবস্থা নিতে হবে।’
স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দীন আহমেদ বলেন, নির্বাচনের প্রথম দিন থেকেই আচরণবিধি লঙ্ঘন শুরু হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এ পর্যন্ত নির্বাচনী এলাকা সম্পর্কে আমরা যতটুকু তথ্য পেয়েছি, তাতে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী। ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দিয়ে জাতির সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।’
প্রার্থীদের উদ্দেশে সিইসি বলেন, ‘ভোটের মাধ্যমে জনগণ যে রায় দেবেন, তার প্রতি আপনারা শ্রদ্ধা রাখবেন বলে আমি আশা করি। নির্বাচনের পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করবেন। নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করুন।’
মতবিনিময় সভায় কাজী রকিব উদ্দীন জানান, নির্বাচন সম্পন্ন করতে প্রায় পাঁচ হাজার পুলিশ, র্যাবের ২৮টি মোবাইল টিম ও ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ধর্মের অপব্যবহার শুধু নির্বাচনের ক্ষেত্রেই নয়, সব ক্ষেত্রেই বর্জনীয়। এ ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।’