সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে দেশের ২৪ বিশিষ্ট নাগরিক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নাগরিক সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর পক্ষে এক বিবৃতিতে তাঁরা বলেছেন, উপর্যুপরি দীর্ঘমেয়াদি হরতালে জনজীবন বিপর্যস্ত, অর্থনীতি গভীর সংকটে। সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। এই পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করার পরিবর্তে সরকার বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করে সমস্যাকে ঘনীভূত করেছে।

গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, হরতাল শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জেএসসি ও জেডিসির প্রায় ৫০ লাখ পরীক্ষার্থী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন রোজগারের পথ বন্ধ হয়েছে। মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কাজে যেতে বাধ্য হচ্ছে। হরতালের আগের দিন নাশকতামূলক কাজে বিস্ফোরকের অবাধ ব্যবহার চলছে। ইতিমধ্যে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। দাহ্য পদার্থ নিক্ষেপে বহু নিরীহ মানুষ অগ্নিদগ্ধ ও পঙ্গু হয়েছে।

২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, হরতালের নাশকতামূলক কাজে জামায়াত-শিবির-হেফাজতের তৎপরতা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয় ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এই আক্রমণের প্রাথমিক লক্ষ্য ভয়ভীতি দেখিয়ে সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা ও যুদ্ধাপরাধের বিচার বানচাল করা। তাদের সুদূরপ্রসারী লক্ষ্য বাংলাদেশকে সাম্প্রদায়িক ও ধর্মান্ধ জঙ্গিবাদী রাষ্ট্রে রূপ দেওয়া।

বিবৃতিতে বলা হয়েছে, সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ সাধারণ নির্বাচনের অনুষ্ঠান সবার কাম্য। হরতাল ও সন্ত্রাস কিংবা গ্রেপ্তার ও দমননীতি দিয়ে এই লক্ষ্য অর্জিত হবে না। তাঁরা বলেছেন, ‘তাই আমরা সকল পক্ষকে আহ্বান জানাই, অবিলম্বে সংলাপের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করুন।’

বাংলাদেশ রুখে দাঁড়াও-এর পক্ষে বিবৃতিতে সই করেন সালাহউদ্দিন আহমদ, আনিসুজ্জামান, কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, কামাল লোহানী, সুলতানা কামাল, আকবর আলি খান, হাসান আজিজুল হক, অজয় রায়, সারওয়ার আলী, রামেন্দু মজুমদার, রানা দাশগুপ্ত, মোহাম্মদ ফরাসউদ্দিন, জিয়াউদ্দিন তারেক আলী, সাইদুজ্জামান, রাশেদা কে চৌধূরী, আবেদ খান, সুপ্রিয় চক্রবর্তী, এম এম আকাশ, আবুল মোমেন (চট্টগ্রাম), শেখ বাহারুল আলম (খুলনা), রিয়াজুল ইসলাম (ময়মনসিংহ), সদরুল আলম দুলু (রংপুর) ও আবদুল আজিজ (সিলেট)। বিজ্ঞপ্তি।