সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, কাল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল রোববার গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার রাত ১২টায় প্রার্থীদের প্রচার ও গণসংযোগ শেষ হয়েছে। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এলাকায় ভোট গ্রহণের অনুকূল পরিবেশ রয়েছে।গতকাল শুক্রবার ছিল প্রার্থীদের প্রচারের শেষ দিন। তিন প্রার্থী ও তাঁদের কর্মীরা উপজেলাজুড়ে ব্যাপক গণসংযোগ করেছেন। তবে গতকাল কোনো প্রার্থীই সভা-সমাবেশ করেননি।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনে ছোটখাটো কিছু অভিযোগ করা হলেও বড় ধরনের কিছু ঘটেনি।কাপাসিয়া উপনির্বাচনে ৬৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে নির্ধারণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের ভিডিওচিত্র ধারণ করা হবে। বেশ কিছু কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ওয়েভ ক্যামেরা বসানো হচ্ছে। ওয়েভ ক্যামেরার মাধ্যমে ল্যাপটপে সারা দিনের ও ঘণ্টাভিত্তিক ভিডিও রেকর্ড করা হবে।উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার বলেন, নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী উপজেলাগুলোর প্রবেশপথে কড়া নজরদারি রাখা হবে। এ ছাড় নির্বাচনী এলাকার ভেতর দিয়ে বয়ে যাওয়া নদী ও হাইওয়ের বিষয়ে কমিশন সচেতন আছে।নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে। শুক্রবার সকাল থেকে র্যা ব, পুলিশ, গোয়েন্দা সদস্য ও নির্বাহী হাকিমরা কাপাসিয়া-টোক সড়ক, কাপাসিয়া-ঘাগটিয়া সড়কসহ বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন।তোফায়েলের সংবাদ সম্মেলন: উপনির্বাচন নিয়ে গতকাল বিকেলে কাপাসিয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি আশা করছেন, কাপাসিয়ার নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। তিনি বলেন, বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য আফসারউদ্দীন একের পর এক নালিশ করে যাচ্ছেন। নির্বাচন যাতে সুষ্ঠু না হয়, তা প্রমাণের জন্যই বিএনপির হাতের পুতুল হয়ে আফসারউদ্দীন কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। তোফায়েল জানান, আওয়ামী লীগ এই উপনির্বাচনে দলীয় কোনো প্রভাব বিস্তার করবে না।সংবাদ সম্মেলনে গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।শেষ মুহূর্তের প্রচারণা: গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলার আমরাইদ এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দোয়া ও ভোট চান।স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ কাপাসিয়ায় দিনভর গণসংযোগ করেন। তিনি কেন্দ্রের এজেন্ট নিয়োগসহ নির্বাচনী অন্যান্য কাজ নিয়ে সারা দিন ব্যস্ত ছিলেন। অপর প্রার্থী আসাদুল্লাহ বাদল টোক, রায়েদ, বারিষাব, সিংহশ্রীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।