নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংকট রাজনীতিবিদদেরই সৃষ্টি। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ রাজনীতিবিদদেরই তৈরি করতে হবে। নির্বাচনের জন্য এমন প্রশাসন গঠন করতে হবে, যার ওপর মানুষ আস্থা রাখতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যমকে পালন করতে হবে অগ্রণী ভূমিকা। গতকাল বৃহস্পতিবার ‘গণতন্ত্র, নির্বাচন, রাজনৈতিক সংকট: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, নির্বাচিত স্বৈরাচার সাধারণত অনির্বাচিত স্বৈরাচার থেকে বেশি অত্যাচারী হয় এবং অনির্বাচিত স্বৈরাচারকে রাষ্ট্রক্ষমতায় আসার সুযোগ তৈরি করে দেয়। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, গণমাধ্যম সঠিকভাবে ভূমিকা পালন করলে রাষ্ট্রপতি পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি উদ্দেশ্য হাসিলের জন্য মিডিয়া তৈরি করে। এক্ষেত্রে সাংবাদিকদের নীতিনৈতিকতা বজায় রাখতে হবে। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ বলেন, যাঁরা রাজনৈতিক সংকট তৈরি করেছেন, এর দায়ভার তাঁদেরকেই নিতে হবে। সমাধানও তাঁদের করতে হবে।
বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল বলেন, আস্থাহীনতার কারণে রাজনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে সংকট মোকাবিলা করে সমাধানের পথ বের করতে হবে। সমিতির সভাপতি এম এম জসিমের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম প্রমুখ বক্তব্য দেন।