সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণে দুটি কমিটি করেছে নির্বাচন কমিশন। কমিটিগুলো নির্বাচন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণে কাজ করবে।
কমিটি দুটি হলো পরিদর্শক ও পর্যবেক্ষক দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সমন্বয় সেল। উভয় কমিটিতে নয়জন করে সদস্য রাখা হয়েছে। দুটি কমিটিতেই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলকে আহ্বায়ক এবং কুমিল্লা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলমকে সদস্যসচিব করা হয়েছে। কমিটি গঠনের বিষয়টি গতকাল রোববার বিকেলে রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, পরিদর্শক ও পর্যবেক্ষক দল কমিটির অন্য সদস্যরা হলেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), কুমিল্লা সিটি করপোরেশনের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট, জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ কমিটি নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘন ও ভঙ্গের আশঙ্কা পর্যবেক্ষণ করবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। এ ছাড়া নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তিন দিন পরপর প্রতিবেদন দেবে নির্বাচন কমিশনে।
আর আইনশৃঙ্খলা রক্ষাকারী সমন্বয় সেল নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে। সেই সঙ্গে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নির্বাচন কমিশন সচিবালয়কে জানাবে। নয় সদস্যের এ কমিটিতে অপর সদস্যরা হলেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), র্যা ব-১১ কোম্পানির কমান্ডার, বিজিবির প্রতিনিধি, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এবং রিটার্নিং কর্মকর্তার নিয়োগকৃত এক ব্যক্তি।