সুষ্ঠু নির্বাচনের জন্য পঞ্চদশ সংশোধনী বাতিল করতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন সরকারের প্রতি মুক্ত বিতর্কের আহ্বান জানিয়ে বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দশম সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য আপনাদের করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করতেই হবে। এর সপক্ষে যুক্তি রাখার জন্য মুক্ত বিতর্কে আসুন, আপনাদের পক্ষে সংবিধান দেখান, আইন দেখান, দেখবেন, আপনাদের যুক্তি টিকবে না।
স্বৈরাচার পতন দিবস উপলক্ষে গণফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে ড. কামাল হোসেন এ আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন সংগঠনও পৃথক কর্মসূচি পালন করে।
গণফোরামের সমাবেশে ড. কামাল হোসেন বলেন, ১৬ কোটি মানুষের স্বার্থে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তিনি প্রয়োজনে অনশন করবেন।
সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, স্বৈরাচার ও থুতু এরশাদকে নিয়ে দুই দল প্রতিযোগিতায় নেমেছে। শেখ হাসিনা ও খালেদা জিয়ার ভূমিকা দেখে মনে হয় না, তাঁরা কখনো স্বৈরাচারের বিরুদ্ধে ছিলেন। গণতন্ত্র ও জনগণের কথা না ভেবে একজন চাইছেন ক্ষমতা ধরে রাখতে, আরেকজন ক্ষমতা গ্রহণ করতে।
সমাবেশে স্বৈরাচার পতনে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডা. মিলনের মা সেলিনা আকতার তাঁর সন্তানের হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, আদর্শহীন রাজনীতির নাম গণতন্ত্র নয়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নিহত মেধাবী ছাত্রী সাবেকুন নাহার সনির মা দিলারা বেগম বলেন, দুই নেত্রী এসি রুমে বসে জনগণের কথা না ভেবে শুধু নিজেদের কথা ভাবছেন। আমি শ্রদ্ধেয় দুই নেত্রীর উদ্দেশে বলতে চাই, আর মানুষ মারবেন না, আগুন জ্বালাবেন না। আপনারা যদি এসব বন্ধ না করেন, আমরা সন্তানহারা মায়েরা রাজপথে নেমে আসব।
সমাবেশে গণফোরামের নেতাদের মধ্যে সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান, মোস্তাক আহমদ, সাইদুর রহমান, ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন।
সিপিবি-বাসদ: স্বৈরাচার পতন দিবস উপলক্ষে সিপিবি ও বাসদ আয়োজিত আলোচনা সভায় খালেকুজ্জামান বলেন, গণ-আন্দোলনের মাধ্যমে যে স্বৈরাচার এরশাদকে জনগণ পরাজিত করেছিল, গণবিরোধী সেই স্বৈরাচার এরশাদকে নিয়ে এখন যে টানাটানি চলছে, তাতে দেশের গণতন্ত্রকামী মানুষ লজ্জিত, অপমানিতবোধ করছে।
গতকাল কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে খালেকুজ্জামান এসব কথা বলেন। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশের পরিচালনায় সভায় সিপিবির নেতা শামছুজ্জামান, রুহিন হোসেন, বাসদের বজলুর রশীদ প্রমুখ বক্তব্য দেন।