নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন দেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক৷
ড. কামাল হোসেন, এম হাফিজউদ্দিন খান, এএসএম শাহজাহান, মাহমুদুর রহমান মান্না ও সুব্রত চৌধুরীর লেখা এ চিঠি গত েসামবার ফ৵াক্সযোগে নির্বাচন কমিশনে পাঠানো হয়৷ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ চিঠি দেওয়ার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি নারায়ণগঞ্জে অপহরণ ও খুনের মাধ্যমে যে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তাতে জনগণের মন থেকে ভয়ভীতি দূর করার জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন৷
সংবাদ সম্মেলনে বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন কাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই উপনির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয়, এ জন্য সবাইকে সতর্ক প্রহরীর ভূমিকায় থাকার আহ্বান জানান৷ তিনি বলেন, ‘বর্তমানে বিদেশে থেকেও যেন প্রধান নির্বাচন কমিশনার তাঁর শক্তিশালী ভূমিকা রাখতে পারেন, সেটা স্মরণ করিয়ে দিচ্ছি।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘নারায়ণগঞ্জে যে উপনির্বাচন হতে যাচ্ছে, সেটা যেন গণতন্ত্রের পথে বাধা না হয়। এই নির্বাচন যেন একটি দৃষ্টান্ত হয়, সেটা আমরা চাই।’
সংবাদ সম্মেলনে সিইসির বরাবর পাঠানো চিঠিটি পড়ে শোনান গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী। চিঠিতে বলা হয়, নারায়ণগঞ্জ-৫ নির্বাচনী এলাকার ভোটারদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন যে উপনির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সেখানে সম্মিলিত নাগরিকদের প্রার্থী এস এম আকরামকে ক্ষমতাসীন দলের মিত্র জাতীয় পার্টির পক্ষ থেকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে যে নির্বাচনী প্রক্রিয়ায়কে ব্যাহত করতে প্রচুর অর্থ ছড়ানো হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে না হয়, সে জন্য প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যান্য নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও হুমকি দেওয়া হচ্ছে।
চিঠিতে বলা হয়, ‘বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমরা আপনার (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে জানতে পেরেছি, আপনি এখন কেনিয়াতে অবস্থান করছেন ও ২৬ জুনের আগে দেশে ফিরবেন না। আমরা আশা করেছিলাম, উপজেলা পরিষদ নির্বাচনের সময় দেশে আপনার অনুপস্থিতির বিষয়ে জনগণের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এবং উপানির্বাচনের বিষয়ে আপনার সাংবিধানিক দায়িত্বের বিবেচনায় এ সময় আপনি দেশে অনুপস্থিত থাকবেন না।’ চিঠিতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে বিদেশ থেকে কূটনৈতিক পন্থায় অন্য নির্বাচন কমিশনার ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিতে সিইসিকে অনুরোধ করা হয়।