সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) একটি ও শালমারা ইউনিয়নের দুটি কেন্দ্রে ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মারধরের ঘটনায় মামলা হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচন ও ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।
এর আগে ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপি, ব্যালট ছিনতাই ও সহিংসতার কারণে কামারদহের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালমারার জীবনগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিয়াতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা, বাসদ গোবিন্দগঞ্জ শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য আশরাফ আলী, জেলা যুব মৈত্রীর সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাকারিয়া হাসান প্রমুখ। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।
বক্তারা বলেন, আগের নির্বাচনের সময় ভোট কারচুপি ও অপ্রীতিকর ঘটনায় ওই তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। তাই তাঁরা এখন সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি ভোটকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানাচ্ছেন।