সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: তাবিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। গতকাল বুধবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনের সড়কে ভোটের প্রচারণাকালে তিনি গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন।
কৃষি মার্কেটের সামনে পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, নির্বাচনে যাতে চুরি ও কারচুপি না হয়, সে জন্য প্রত্যেককে ভোটকেন্দ্রে যেতে হবে। নিজ দায়িত্বে ভোট দিয়ে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না।
মওদুদ আহমদ আরও বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। দেশের ৮০ শতাংশ নারী খালেদা জিয়াকে পছন্দ ও সমর্থন করেন উল্লেখ করে তিনি বলেন, তাই নারীদের এ ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব। পরিবারের সবাইকে নিয়ে নারীদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।
পথসভার বক্তৃতায় তাবিথ আউয়াল বলেন, ‘আপনারা আমাকে যে সমর্থন জানিয়েছেন, তা ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে প্রমাণ করুন।’
নির্বাচনী জনসভায় দেওয়া বক্তৃতায় জাতীয় গণতন্ত্রী পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান এই সরকারের বিরুদ্ধে মানুষের আন্দোলনকে জয়ী করতে তাবিথকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে শ্যামলী খেলার মাঠ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তাবিথ আউয়াল ও তাঁর সমর্থকেরা। তাঁরা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, কৃষি মার্কেট, রিং রোড হয়ে লালমাটিয়ায় প্রচার চালান। এ সময় তাবিথের সমর্থনে বিএনপির বহু নেতা-কর্মী প্রচার ও সমাবেশে অংশ নেন।