বান্দরবানের আওয়ামী লীগের নেতারা বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে তাঁরা ২৩ এপ্রিল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। গতকাল বুধবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ।
সংবাদ সম্মেলনে রাজবিলা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী কে অং প্রু মারমা, তারাছার উথোয়াইসিং মারমা, নোয়াপতংয়ের চ নু মং মারমা বলেন, সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে। জেএসএস প্রার্থীদের ভোট না দিলে আওয়ামী লীগের কর্মী ও ভোটারদের হত্যা ও পাড়া থেকে উচ্ছেদ করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ বলেন, জেএসএসের অস্ত্রধারীদের তৎপরতার কারণে নির্বাচন সুষ্ঠু হবে না। এ জন্য ৪৮ ঘণ্টার মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং জেএসএস প্রার্থীদের ভোট দেওয়ার জন্য যেসব হুমকি দেওয়া হচ্ছে, তা বন্ধ না হলে আওয়ামী লীগ শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যাবে।
জেএসএসের জেলা সভাপতি উছোমং মারমা জেএসএসের বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগকে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা বলে বর্ণনা করেন। তিনি বলেন, আওয়ামী লীগ কারচুপি, কেন্দ্র দখল ও ভোট ডাকাতি করে বিজয়ী হওয়ার চেষ্টা করছে। কিন্তু শেষ মুহূর্তে এসে তাদের অশুভ পরিকল্পনা এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়তে পারে জেনে তারা অস্থির হয়ে উঠেছে। জেএসএসের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে বলে তিনি পাল্টা অভিযোগ করেন।
রোয়াংছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুস শুক্কুর বলেন, নোয়াপতং ইউনিয়নে গতকাল একটি অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁরা আর কোনো অভিযোগ পাননি। কারও কোনো সমস্যা থাকলে সংবাদ সম্মেলন না করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জানালে আরও বেশি ফলপ্রসূ হতো।
বান্দরবান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, সদর উপজেলার চারটি ইউনিয়নে চলমান নির্বাচন প্রক্রিয়ায় কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি।