বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার বলেছেন, বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করার পূর্বশর্ত নির্ধারণ করতে হবে। বাইরের কেউ এটা করতে পারবে না।
নিল ওয়াকার গতকাল রোববার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ডিকাবের সভাপতি মাইনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার।
প্রধান দুই দলকে নিয়ে গত ডিসেম্বরের সংলাপে ব্যর্থ হওয়ার পর জাতিসংঘ আবার সংলাপের উদ্যোগ নেবে কি না, জানতে চাইলে নিল ওয়াকার বলেন, জাতিসংঘের মহাসচিব (বান কি মুন) এ ব্যাপারে তাঁর অবস্থানে থেকে ইতিবাচক উদ্যোগ নিতে তৈরি আছেন। কিন্তু বিষয়টি দুই দলের ‘সদিচ্ছার’ ওপর নির্ভর করছে।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মনে করেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সমাধান ও তার বাস্তবায়ন বাংলাদেশের লোকজনের মাধ্যমে হতে হবে।
প্রসঙ্গত, সব দলকে নিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে জাতিসংঘ ২০১২ ও ২০১৩ সালে জোর প্রচেষ্টা চালিয়েছিল। এরই অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত ও জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো ২০১৩ সালের ৬ থেকে ১৩ ডিসেম্বর ঢাকা সফর করেন। তারানকোর উপস্থিতিতে প্রধান দুই দল দুই দফা সংলাপে বসলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়।
নিল ওয়াকার এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য গুরুত্ব দিলেও এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দিতে চায় না জাতিসংঘ।
গাজা উপত্যকায় ফিলিস্তিনি নারী ও শিশুদের ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে বাঁচাতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে—এমন মন্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে ভিন্নমত পোষণ করেন নিল ওয়াকার। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব বান কি মুন নিজে গাজা সফর করেছেন। তিনি দুই-রাষ্ট্র তত্ত্বের ভিত্তিতে সমস্যার সমাধানের জন্য বিশ্বনেতাদের সঙ্গে আলোচনা করেছেন।