সুষ্ঠু নির্বাচনের বড় বাধা ইসির ওপর জনগণের আস্থার অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদিউল আলম মজুমদার
বদিউল আলম মজুমদার

সঠিক নির্বাচনের জন্য সঠিক পদ্ধতিতে ও সঠিক ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের ওপর জোর দিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। তাঁদের মত, সুষ্ঠু নির্বাচনের সবচেয়ে বড় বাধা নির্বাচন কমিশনের (ইসি) ওপর জনগণের আস্থার অভাব। আস্থা ফেরাতে কমিশন গঠনের আগে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা যেতে পারে। একই সঙ্গে দরকার সরকারের সদিচ্ছা। কারণ, সরকার না চাইলে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘নির্বাচন কমিশন পুনর্গঠন ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন মত প্রকাশ করেন বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, নির্বাচনের সবচেয়ে বড় সমস্যা হলো কমিশনের ওপর জনগণের আস্থার অভাব। যে দল পরাজিত হয়, তারা ফল বর্জন করে। কী কী করলে কমিশনের ওপর জনগণের আস্থা তৈরি হবে, তা নিয়ে ভাবতে হবে। যারা হারবে, তাদের ফল মেনে নেওয়ার সংস্কৃতি তৈরি করতে হবে। অনেক দেশে রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে কমিশন গঠন করা হয়। এটি ভালো কৌশল। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মত নিয়ে কমিশন গঠন করা হলে কমিশনের ওপর জনগণের আস্থা তৈরি হবে।’
শামসুল হুদা বলেন, তবে সঠিক ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের পরও সরকারের সদিচ্ছা না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার সাহায্য করেছিল বলেই নির্বাচন সুষ্ঠু হয়েছিল।
বিএনপি ২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে ঐতিহাসিক ভুল করেছিল বলে মনে করেন শামসুল হুদা। তিনি বলেন, নির্বাচনের আগে যে নাশকতা হয়েছিল, সেটা ভালো কাজ হয়নি। সংসদ বর্জনও একধরনের অপসংস্কৃতি। এসবের কারণে গণতন্ত্রের ভিত নষ্ট হয়ে যায়। তাই ভালো নির্বাচনের জন্য কমিশনের ওপর জনগণের আস্থা বাড়াতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, প্রধানমন্ত্রী না চাইলে কোনো কিছুতেই লাভ হবে না। সে জন্য রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় হতে পারে। এতে আস্থা রাখার মতো একটি কমিশন গঠন করা সম্ভব হবে এবং নির্বাচনের পরিবেশ তৈরি হবে।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, কমিশন পুনর্গঠন হলে গণতন্ত্র উদ্ধার হবে, এমনটি ভাবার কারণ নেই। ইসি সঠিকভাবে গঠিত না হলে পরিণতি খারাপ হয়। তাই দরকার সরকারের সহযোগিতা।
গোলটেবিলের ধারণাপত্রে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সঠিক নির্বাচনের জন্য সঠিক ব্যক্তিদের নিয়ে সঠিক পদ্ধতিতে কমিশন গঠন করতে হবে। আর এ জন্য সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী আইন প্রণয়ন করতে হবে; যাতে সৎ, যোগ্য, নিরপেক্ষ ও সাহসী ব্যক্তিরা কমিশনে নিয়োগ পান।
সংবিধান অনুসরণ করে স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করে সুজন বলেছে, কমিশন গঠনের জন্য সাবেক সিইসি এ টি এম শামসুল হুদার নেতৃত্বে গঠিত গত কমিশনার নিয়োগ আইনের খসড়া কাজে লাগানো যেতে পারে। কমিশন পুনর্গঠনের জন্য আইনের আওতায় পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব করে সুজন বলেছে, আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে গঠিত এই কমিটিতে গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধি থাকতে পারে।
গোলটেবিল আলোচনা আরও অংশ নেন হামিদা হোসেন, সৈয়দ আবুল মকসুদ, শাহদীন মালিক, আলী ইমাম মজুমদার, মুহাম্মদ জাহাঙ্গীর, আসিফ নজরুল, সুব্রত চৌধুরী, শেখ শহীদুল ইসলাম প্রমুখ।