সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গ্রহণযোগ্য প্রক্রিয়া দ্রুত খুঁজে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে ‘রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ও সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ প্রক্রিয়া খুঁজে নিতে প্রধান রাজনৈতিক দলগুলোকে যত শিগগির সম্ভব সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইইউ।

গতকাল বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন এই আহ্বান জানায়। আজ বৃহস্পতিবার ইউরোপ দিবস উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে হাইকমিশনার, রাষ্ট্রদূত ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মিলিয়ে ঢাকায় নিযুক্ত ইইউর নয়জন কূটনীতিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেন, ‘আমরা বিশ্বাস করি, নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য ও সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়া খুঁজে নিতে পারবেন। এ লক্ষ্যে সংসদে এবং সংসদের বাইরে গঠনমূলক আলোচনা শুরুর জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই।’

বাংলাদেশের অব্যাহত রাজনৈতিক সহিংসতা নিয়ে ইইউর রাষ্ট্রদূতেরা কিছুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন।

নির্বাচন পরিচালনাকারী সরকারের কাঠামো নিয়ে প্রধান দুই রাজনৈতিক শিবিরের মধ্যে ‘রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য’ ও ‘সংবিধানসম্মত’ ঐকমত্য না হলে ২০০৭ সালের মতো সেনাবাহিনীর হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে উইলিয়াম হানা বলেন, ‘ভবিষ্যতে কী ঘটবে, তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

এ প্রসঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, ‘বাংলাদেশের জনগণই এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তবে আমরা চাই, জনগণ যেন তাঁদের সাংবিধানিক অধিকার চর্চার মাধ্যমে নিজেদের পছন্দের সরকার নির্বাচিত করার সুযোগ পান।’

রবার্ট গিবসন বলেন, তাই ইইউ রাষ্ট্রদূতেরা সহিংসতার পথ ছেড়ে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোকে অব্যাহতভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছেন।

১৩ দফা দাবিকে কেন্দ্র করে সম্প্রতি রাজধানীতে হেফাজতে ইসলামের তাণ্ডব এবং তাদের কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের শাপলা চত্বর থেকে হটিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযান প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি ইইউর কোনো কূটনীতিক। শাপলা চত্বরের সমাবেশ ও অবস্থান কর্মসূচির খবর প্রচারকে কেন্দ্র করে ‘উসকানির’ অভিযোগে দুটি টিভি চ্যানেল বন্ধ করার বিষয়ে জানতে চাইলেও সরাসরি জবাব দেননি উপস্থিত কূটনীতিকদের কেউ। তবে ইতালির রাষ্ট্রদূত জর্জো গুলিয়েনমিনো বলেন, ‘বাংলাদেশের বৈচিত্র্যময় গণমাধ্যম আমাদের মুগ্ধ করে। কারণ, গণমাধ্যমের স্বাধীনতা ইইউর নীতিমালার অন্যতম। আমরা চোখ বুজে বসে নেই। বাংলাদেশের পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে ইউরোপের গণমাধ্যমে যথেষ্ট উদ্বেগ রয়েছে।’

সাভার বিপর্যয়ে উদ্বেগ: রানা প্লাজা ধসের ঘটনায় উদ্বেগ জানিয়ে উইলিয়াম হানা বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে এ দেশের শ্রমপরিস্থিতি, বিশেষ করে কারখানাগুলোর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আইএলওর সনদ অনুযায়ী কর্মপরিবেশের মান নিশ্চিত করতে আমরা অবিলম্বে বাংলাদেশের কর্তৃপক্ষকে অনুরোধ জানাই।’

ইইউ জোটভুক্ত দেশগুলোতে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধার (জিএসপি) ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে ইইউর রাষ্ট্রদূত বলেন, ‘জিএসপি অব্যাহত রাখতে হলে সংশ্লিষ্ট সব পক্ষকে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। পরিস্থিতি আগের মতো চলবে না। বাণিজ্যের যেমন গুরুত্ব আছে, মানবাধিকারকেও খাটো করে দেখার সুযোগ নেই। এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার।’

জার্মানির রাষ্ট্রদূত আলব্রেখট কনেজ বলেন, ‘সাভার আর তাজরীনের বিয়োগান্ত ঘটনার পর ক্রেতারাও তাঁদের দায়িত্বের বিষয়ে সচেতন হয়েছেন।’