অবৈধ অস্ত্র উদ্ধার না করে কেবল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পিছিয়ে দিয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যাবে না। জননিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করার দাবি জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের নেতারা।
রাঙামাটি জেলার ৪৯টি ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপে নির্বাচন হওয়ার কথা ছিল ২৩ এপ্রিল। কিন্তু গত ২৭ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে দেখা যায়, ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারেনি আওয়ামী লীগ। দলের নেতারা এ অবস্থার জন্য সন্ত্রাসীদের হুমকি ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকাকে দায়ী করেন। অন্যদিকে বৈরী রাজনীতির কারণে ২৭ ইউনিয়নে প্রার্থী দেওয়া যায়নি বলে অভিযোগ করে বিএনপি। পরে নির্বাচন কমিশন (ইসি) রাঙামাটির সব কটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপের পরিবর্তে রাঙামাটির সব ইউনিয়নের নির্বাচন হবে ষষ্ঠ ধাপে।
গতকালের সংবাদ সম্মেলনে ইসির এই সিদ্ধান্তকে স্বাগত জানান রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতারা। তবে তাঁরা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম বলেন, জনসংহতি সমিতির সহসভাপতি ও সাংসদ ঊষাতন তালুকদারও সম্প্রতি বিভিন্ন প্রচারমাধ্যমে পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র থাকার কথা বলেছেন। জনজীবনের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করতে হবে।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চিং কিউ রোয়াজা বলেন, কেবল আওয়ামী লীগের স্বার্থে অস্ত্র উদ্ধারের দাবি জানানো হচ্ছে না; সামগ্রিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের স্বার্থে এ দাবি সবার। যত দিন অবৈধ অস্ত্র থাকবে, তত দিন অভিযান পরিচালনা করতে হবে।
চিং কিউ রোয়াজা বলেন, ‘নানিয়ারচর সদর ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী পঞ্চানন চাকমা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। অথচ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়ায় তাঁকে অপহরণ করা হয়েছে। এখনো তাঁর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। অস্ত্রধারীরাই এ কাজ করছে।’ তিনি বলেন, আওয়ামী লীগের প্রতীক নিয়ে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের যেসব নেতা-কর্মী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছেন, তাঁরা এখন সবাই এলাকাছাড়া।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, ‘ইউপি নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকে নির্বাচন না করতে আমাদের নেতা-কর্মীদের হুমকি দিয়ে আসছিল অস্ত্রধারীরা। সে কারণে আমরা নির্বাচন কমিশনের কাছে ইউপি নির্বাচন পেছাতে অনুরোধ জানিয়েছিলাম। তবে শুধু নির্বাচন পেছানো সমস্যার সমাধান নয় বলে আমরা মনে করি। সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং সুষ্ঠু-স্বাভাবিক জীবনের জন্য অবশ্যই অবৈধ অস্ত্রধারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’